ওয়ানডে অভিষেকেও রঙিন মিরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট ক্রিকেটে দারুণভাবে চিনিয়েছেন নিজেকে। কাল ওয়ানডে অভিষেকেও ডাম্বুলায় মিরাজ-ঝলক। কুশল মেন্ডিসকে আউট করে প্রথম উইকেট পাওয়ার পর উচ্ছ্বসিত বাংলাদেশের অফ স্পিনার l এএফপি
টেস্ট ক্রিকেটে দারুণভাবে চিনিয়েছেন নিজেকে। কাল ওয়ানডে অভিষেকেও ডাম্বুলায় মিরাজ-ঝলক। কুশল মেন্ডিসকে আউট করে প্রথম উইকেট পাওয়ার পর উচ্ছ্বসিত বাংলাদেশের অফ স্পিনার l এএফপি

সকালবেলা মাহমুদউল্লাহ যখন তাঁর মাথায় ক্যাপটা পরিয়ে দিচ্ছিলেন, কী ভাবছিলেন মেহেদী মিরাজ?
টেস্ট অভিষেকটাকে কীভাবে রাঙিয়েছিলেন নতুন করে বলা বাতুলতা। ইংল্যান্ড জয়ের গল্পটা লিখেছিলেন নিজের দ্বিতীয় টেস্টে। তবে তার আগে প্রথম টেস্টেও বোলিং করেছিলেন দুর্দান্ত! প্রথম ইনিংসেই ছয় উইকেট, ম্যাচে সাতটি। ওয়ানডে অভিষেকেই তেমন কিছু না হোক, অন্তত বলে-ব্যাটে ভালো কিছু করার ইচ্ছা তো নিশ্চিতই ছিল।
এক অর্থে ইচ্ছাপূরণই হয়েছে মিরাজের। কাল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে রঙিন অভিষেক হলো তাঁর। ব্যাট হাতে নামতে হয়নি, তবে বল হাতে ছিলেন দুর্দান্ত। দলের প্রয়োজনে দুটি গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে দিয়েছেন অধিনায়কের আস্থার প্রতিদান।
উইকেট-রানের হিসাব বাদ দিন; ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতেই একটু অন্যভাবে একটা ‘চমক’ দেখিয়েছেন। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে বাংলাদেশের বোলিংয়ে ওপেন করেছেন মিরাজ। ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতেই কোনো স্পিনারের বোলিং ওপেনিং করার কীর্তি বাংলাদেশের জন্য প্রথম। ক্রিকেটের ইতিহাসেই এমন উদাহরণ ছিল পাঁচজনের!
ইনিংসের দ্বিতীয় ওভারেই মিরাজের বোলিংয়ে আসায় তো দলের কৌশল আর অধিনায়কের সিদ্ধান্তের কৃতিত্বই বেশি। তা মিরাজের ওয়ানডে অভিষেকের গল্পটাও তো তেমনই—কীভাবে কীভাবে যেন হয়ে যাওয়ার মতো! টেস্ট সিরিজ শেষ করে দেশে ফিরেছিলেন। খুলনাও চলে গিয়েছিলেন, বাড়িতে। কিন্তু দল থেকে বার্তা পেয়ে আবার খুলনা-ঢাকা-কলম্বোর বিমানে চড়তে হলো। এত হন্তদন্ত হয়ে শ্রীলঙ্কায় উড়ে যাওয়ার পর এমন অভিষেক—মন্দ নয় নিশ্চয়ই। সাত টেস্টের ছোট্ট ক্যারিয়ারে এরই মধ্যে ৩৫ উইকেট হয়ে গেছে। তবে সেখানে তো ওয়ানডের মতো ‘রান দেওয়া যাবে না, উইকেটও নিতে হবে’ চাপ একটু কম। দেখার বিষয় ছিল ৫০ ওভারের ক্রিকেটে কেমন করেন মিরাজ!
খারাপ করেননি। ৫ ওভারের প্রথম স্পেলে দিয়েছেন ১৭ রান, তৃতীয় ওভারের শেষ বলে নিয়েছেন কুশল মেন্ডিসের উইকেটও। দ্বিতীয় স্পেলে এলেন ২৭তম ওভারে। দীনেশ চান্ডিমাল তখনো ভোগাচ্ছিলেন। অধিনায়ককে নির্ভার করলেন চান্ডিমালকে ফিরিয়ে। এত বুদ্ধিমত্তার সঙ্গে বোলিং করেছেন, মনে হয়নি নিজের প্রথম ওয়ানডে খেলছেন। শেষেও রাখলেন এর ছাপ।
তরুণ মিরাজের মধ্যে যেন এরই মধ্যে অভিজ্ঞ এক সৈনিক পেয়ে গেছে বাংলাদেশ।