ওয়ানডে খেলতে গিয়ে খেলা হলো টি-টোয়েন্টি

কক্সবাজারে বাংলাদেশ ও আয়ারল্যান্ড ‘এ’ দল কী ম্যাচ খেলল আজ—একদিনের ম্যাচ নাকি টি-টোয়েন্টি? সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে এসে কোনো টি-টোয়েন্টি খেলারই কথা নয় আইরিশদের। আর ২১ অক্টোবর সিরিজের তৃতীয় একদিনের ম্যাচটা পরিত্যক্ত হলে বিসিবি যে সূচিটা পাঠায়, তাতে তো আজ ম্যাচই হওয়ার কথা নয়! আজ ছিল চতুর্থ ম্যাচের রিজার্ভ ডে।
বিসিবির ওয়েবসাইটে দেওয়া তথ্য জানাচ্ছে এটি ছিল একদিনের ম্যাচ। দুই দল সর্বোচ্চ ২০ ওভার খেলার সুযোগ পেয়েছে। যেটি ৪ উইকেটে জিতে পাঁচ ম্যাচ সিরিজ ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ ‘এ’। কিন্তু বৃষ্টিবাধা কিংবা খেলায় বাধা তৈরি হতে পারে, এমন কোনো ঘটনা ছাড়াই ৫০ ওভারের ম্যাচ কেন ২০ ওভারে নেমে এলে? ম্যাচ রেফারি রকিবুল হাসান কক্সবাজার থেকে মুঠোফোনে জানালেন, এটা ছিল আসলে টি-টোয়েন্টি! নিজেদের মধ্যে আলোচনা করেই ২০ ওভারের ম্যাচ খেলেছে দুই দল।
বেসরকারি ওয়ানডে সিরিজের মধ্যে হঠাৎ কেন টি-টোয়েন্টি ঢুকে পড়ল, রকিবুল সেটির ব্যাখ্যা দিলেন এভাবে, ‘বৃষ্টির কারণে দুই দিন খেলা বন্ধ রাখা হয়েছিল। মাঠ শুকালে আমরা সিদ্ধান্ত নিয়েছি সিরিজের বাকি তিনটি ম্যাচ টানা হবে। টানা তিনটি ওয়ানডে খেলার ধকল সামলাতেই দুই দলের সমঝোতার ভিত্তিতে আমরা মাঝে একটি টি-টোয়েন্টি আয়োজন করেছি। ম্যাচ শুরু করেছি সকাল ১০টায়, যাতে আধা বেলা অন্তত বিশ্রাম পাওয়া যায়। এতে ক্লান্তিও কিছুটা কমল, আবার ম্যাচও হলো। কাল আবার আগের সূচি অনুযায়ী ৫০ ওভারের ম্যাচ হবে।’
হঠাৎ সংস্করণ বদলালেও একটা জায়গায় কিন্তু পরিবর্তন আসেনি। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে জিতেই চলেছে বাংলাদেশ ‘এ’। টস জিতে ব্যাটিং করতে নামা আইরিশরা অধিনায়ক অ্যান্ডি বলবার্নির ৫১ বলে ৮৩ রানের সৌজন্যে ২০ ওভারে করে ৭ উইকেটে ১৭০। আল আমিন-ঝড়ে ২ বল ও ৪ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ ‘এ’। ৮ চার ও ২ ছক্কায় আল আমিন করেন ৪০ বলে ৬৭ রান। আর অধিনায়ক নাজমুল হোসেন করেছেন ২৬ বলে ৪৭।