ওয়ানডে ছাড়লেন ইউনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে দলে অনেক দিন ধরেই অনিয়মিত। আট মাস আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে ম্যাচের পর দলে আর ডাকই পাচ্ছিলেন না ইউনিস খান। কিন্তু টেস্টে সাম্প্রতিক ফর্মের কারণে আবারও ডাক পেলেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে। রঙিন পোশাকের ক্রিকেট থেকে সম্মানজনক বিদায়ের এই সুযোগটাই হয়তো খুঁজছিলেন ইউনিস। ঘোষণা দিয়ে দিলেন, আর একটা ম্যাচ খেলেই বিদায় নেবেন ওয়ানডে থেকে। আবুধাবিতে কাল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেটাই তাই ইউনিসের ক্যারিয়ারের শেষ ওয়ানডে হয়ে গেল।
ওয়ানডেতে শেষের দেখা অবশ্য এমনিতেই পাচ্ছিলেন ৩৭ বছর বয়সী ইউনিস। গত আড়াই বছরে খেলেছেন মাত্র ১১টি ওয়ানডে। এই সময়ে মাত্র ১টি সেঞ্চুরি পেয়েছেন, কোনো ফিফটিও নেই। গত ছয় বছরেই ওয়ানডেতে এটি তাঁর একমাত্র সেঞ্চুরি। ২০১৫ সালে ৫টি ওয়ানডে খেলে করেছেন মাত্র ৬৩ রান। রঙিন পোশাকে আর বেশি দিন খেলা হবে না, এটা বোধ হয় বুঝতে পেরেছিলেন ইউনিসও। অবসরের ঘোষণা দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছেন, ‘ব্যাটসম্যান হিসেবে আমি চেয়েছি দলে ইতিবাচক ভূমিকা পালন করতে। তবে এখন সময় এসেছে সীমিত ওভারের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার।’ এএফপি।