ওয়ানডে থেকে ছিটকেই গেল মুস্তাফিজের সাসেক্স

মাত্র ছয় ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে ইংল্যান্ডে উড়ে গিয়েছিলেন। দল নকআউট পর্বে গেলে ম্যাচের সংখ্যা বাড়ত বৈকি। কিন্তু দুই ম্যাচ খেলেই চোটে পড়লেন মুস্তাফিজুর রহমান। সাসেক্স এখনো তাঁকে নকআউট পর্বে পাওয়ার আশা ছাড়েনি। কিন্তু ইংল্যান্ডের সবচেয়ে পুরোনো ও ঐতিহ্যবাহী দলটা নকআউট পর্বের আগেই ‘নকআউট’ হয়ে গেল একরকম।
গতকাল জেতা ম্যাচটা হেরে গিয়ে রয়্যাল লন্ডন ওয়ানডে টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের আগেই প্রায় ছিটকে গেল সাসেক্স। অন্যদিকে, মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচ মাত্র ৯ রানে জিতে নিজেদের আশা বাঁচিয়ে রাখল হ্যাম্পশায়ার। ২৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৯ রানে ৪ উইকেট হারিয়েও ভালোমতোই ছুটছিল মুস্তাফিজের দলটি। পঞ্চম উইকেটে ওভারে সাতেরও ওপর রান তোলা ন্যাশ-ব্রাউনের ১২৫ রানের জুটি জয়ের দিকেই নিয়ে যাচ্ছিল সাসেক্সকে।
২২ বলে মাত্র ৩৫ রান দরকার, হাতে ৬ উইকেট—এমন সমীকরণও মেলাতে পারেনি তারা। ৪৭তম ওভারের তৃতীয় বলে ব্রাউন আউট হওয়ার পরই পথও হারিয়ে ফেলে সাসেক্স। ৬ উইকেটে ২৫৯ রান তুলতেই ফুরিয়ে যায় তাদের ৫০ ওভার।
৬ ম্যাচে মাত্র ১ জয় আর ২ পয়েন্ট নিয়ে দক্ষিণ গ্রুপে সাসেক্স ৯ দলের মধ্যে সবার শেষে। গ্রুপ পর্বে বাকি আছে আর দুটি ম্যাচ। এই দুটি ম্যাচ জিতলেও যে তারা সেরা চারের মধ্যে থাকবে, সেই সম্ভাবনা খুবই কম। এই দুটি ম্যাচ জিতলে সাসেক্সের পয়েন্ট হবে ৬। এখন পর্যন্ত গ্রুপে তিন থেকে সাত—এই পাঁচ দলেরই পয়েন্ট ৬ করে। কিন্তু সাসেক্সের ৬–এর বেশি পয়েন্ট হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এই পাঁচ দলের অন্তত দুটির ৭ কিংবা ৮ পয়েন্ট পাওয়া খুবই সম্ভব। এই গ্রুপে এরই মধ্যে ৯ পয়েন্ট পাওয়া এসেক্স ও সমারসেট শেষ আটে পা মোটামুটি দিয়েই রেখেছে।
সেরা চারের মধ্যে না থাকলে যাওয়া হবে না কোয়ার্টার ফাইনালে। মুস্তাফিজ খেলবেন কি না পরের কথা। তবে কিন্তু তাঁর দলের ওয়ানডে–যাত্রা গ্রুপ পর্বেই শেষ হয়ে যাচ্ছে, সেটা প্রায় নিশ্চিতই।