ওয়ানডে দলে ফিরতে 'মরিয়া' ব্রড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরের মাঠে বিশ্বকাপটা খেলতে চান ব্রড। ছবি: রয়টার্স।
ঘরের মাঠে বিশ্বকাপটা খেলতে চান ব্রড। ছবি: রয়টার্স।

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপর্যয়টা খুব কাছ থেকে দেখেছেন স্টুয়ার্ট ব্রড। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর ৫০ ওভারের সংস্করণে নিজেদের খোল নলচে পাল্টে ফেলা ইংল্যান্ড দলে এই মুহূর্তে ব্রাত্য এই ফাস্ট বোলার। টেস্ট ক্রিকেটে নিয়মিত হলেও নিজের পারফরম্যান্স দিয়েই আবার ওয়ানডে দলে ফিরতে মরিয়া ব্রড। খেলতে চান নিজেদের মাটিতে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ।

২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে বাংলাদেশের কাছে হেরে ইংল্যান্ডের বিদায়ের পর মাত্র দুটো ওয়ানডে ম্যাচ খেলেছেন ব্রড। দক্ষিণ আফ্রিকায় এ বছরের ফেব্রুয়ারি মাসে ওই দুটি ম্যাচের পর এক দিনের ক্রিকেটে উপেক্ষিতই তিনি। তবে ব্রড প্রত্যয়ী, ইংল্যান্ডের রঙিন পোশাকটা ফিরে পেতে হবে তাঁকে।

২০১৭ সালে ইংল্যান্ড ও ওয়েলস যৌথভাবে আয়োজন করবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। দুই বছর পরেই ওয়ানডে বিশ্বকাপ। ১৯৯৯ সালের পর ২০ বছর বিরতি দিয়ে ইংল্যান্ডে আয়োজিত হচ্ছে মর্যাদার এই আসর। ঘরের মাঠ বলেই এতে খেলতে আগ্রহের মাত্রাটা একটু বেশিই ব্রডের, ‘আমি মরিয়া। আমার মনে হয় ২০১৯ বিশ্বকাপে খেলতে ইংল্যান্ডের সব ক্রিকেটারের আগ্রহী হওয়া উচিত। যদিও বিশ্বকাপ আসতে এখনো ঢের সময় বাকি। তারপরও দেখতে দেখতে এসে যাবে ওটা।’

ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি না খেললেও টেস্ট দলে নিয়মিত ব্রড। সাদা পোশাকে তিনি খেলে যাচ্ছেন টানাই। তবে বেশি বেশি টেস্ট খেলার কারণেই যে ওয়ানডে দলে ফিরতে সমস্যা হচ্ছে, এটা ভালোভাবেই বুঝতে পারছেন তিনি, ‘বেশি বেশি টেস্ট খেলার সবচেয়ে বাজে ব্যাপারটা হচ্ছে আপনি সাদা বলে ধাতস্থ হওয়ার খুব বেশি সময় হাতে পাবেন না। এমন হলে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ মানের পারফরম্যান্স দেখানো খুব কঠিন। ওয়ানডে ক্রিকেটের মান খুব দ্রুতই বদলে যেতে থাকে। আমি ওয়ানডে খেলার জন্য আর বেশি সময় বের করতে চাই। আমার মনে হয়, এই সংস্করণে আমার রেকর্ড খুব খারাপ নয়। শুধু কিছু ম্যাচ খেলার সুযোগ পেলেই চলবে।’ সূত্র: রয়টার্স।