ওয়ানডে দলে হাসান ও তাইজুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল নিজের তৃতীয় ওভারের প্রথম বলেই চোট পেয়ে মাঠ ছেড়েছেন শফিউল ইসলাম। ঊরুর এই চোটে কমপক্ষে এক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন এই পেসার। তার মানে শফিউলের জন্য জিম্বাবুয়ে সিরিজটা শেষই হয়ে গেছে।
আগামীকালের চতুর্থ ওয়ানডের দলে তাই শফিউলের পরিবর্ত আসারই কথা। তাঁর পরিবর্তে এই ম্যাচের দলে নেওয়া হয়েছে আরেক পেসার আবুল হাসানকে। চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকা হাসান ২০১৩ সালের শ্রীলঙ্কা সফরের পর এই প্রথম দলে ফিরলেন।
শফিউলের জায়গায় আবুল হাসানের আসাটা স্বাভাবিক হলেও বিস্ময়কর বাঁহাতি স্পিনার আরাফাত সানির জায়গায় তাইজুল ইসলামের আসাটা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২২ রানে ২ উইকেট পাওয়া আরাফাত দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে নিয়েছেন চারটি করে উইকেট। তার পরও চতুর্থ ওয়ানডের দলে তাঁর না থাকাটা বিস্ময়কর নয় তো কি!
প্রধান নির্বাচক ফারুক আহমেদ অবশ্য এর একটা ব্যাখ্যা দিতে চেয়েছেন। কাল রাতে টেলিফোনে বলেছেন, ‘সামনে বিশ্বকাপসহ আরও অনেক খেলা আছে। আমরা চাচ্ছি আরও একজন বোলারকে দেখতে, যেন ভবিষ্যতের জন্য চিন্তা করা যায়।’ কিন্তু পর পর দুই ম্যাচে চার উইকেট করে পাওয়া কোনো বোলারকে এই যুক্তিতে বাদ দেওয়াটা তার প্রতি এক ধরনের অবিচারই। প্রধান নির্বাচক তা মানতে চাইলেন না, ‘আমার মনে হয় না এটাকে সেভাবে দেখা ঠিক হবে। আমরা সানির সঙ্গে কথা বলেছি। সেও আমাদের বক্তব্যে সন্তুষ্ট।’
গুঞ্জন আছে, প্রতিটি ওয়ানডের জন্য আলাদা আলাদা দল গঠনের সময় প্রিমিয়ার ক্রিকেট লিগের সূচিটাও মাথায় রাখতে হচ্ছে নির্বাচকদের। খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রে বিশেষ বিশেষ দু-একটা দলের স্বার্থ দেখতে হচ্ছে তাঁদের। ফারুক আহমেদ অস্বীকার করেছেন সেই অভিযোগও।