ওয়ানডে দলেও জুবায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাব্বির রহমান, নাসির হোসেন ও জুবায়ের হোসেন
সাব্বির রহমান, নাসির হোসেন ও জুবায়ের হোসেন

টেস্টে প্রথমবার ৫ উইকেট পাওয়ার পরদিন আরেকটি সুখবর পেলেন জুবায়ের হোসেন। বাংলাদেশের প্রথম টেস্ট লেগ স্পিনার ডাক পেয়েছেন ওয়ানডে দলেও। তরুণ লেগ স্পিনারকে এত দ্রুত ওয়ানডেতে সুযোগ দেওয়া ঠিক হলো কি না, এই প্রশ্ন উঠতে পারে। তবে নির্বাচকদের যুক্তিও উপেক্ষা করার মতো নয়। স্পিন আক্রমণে বৈচিত্র্যের স্বার্থে নেওয়া হয়েছে লেগ স্পিনারকে।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের চট্টগ্রাম পর্বের (প্রথম ২ ম্যাচ) এই ১৩ সদস্যের দলে নতুন মুখ আছেন আরেকজন। দেশের ক্রিকেটে যদিও তিনি বেশ পরিচিত মুখ, আন্তর্জাতিক টি-টোয়েন্টিও খেলেছেন ৫টি। তবে এই প্রথম ওয়ানডে দলে সুযোগ পেলেন অলরাউন্ডার সাব্বির রহমান।
ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দল থেকে অনুমিতভাবেই বাদ পড়েছেন নাসির হোসেন ও শামসুর রহমান। এ বছর ১৩ ওয়ানডেতে ২০.৪৫ গড়ে ২২৫ রান করেছেন নাসির, নেই কোনো ফিফটি। ৮ ম্যাচে এক ফিফটিতে শামসুর করেছেন ১৪৫। ক্যারিবিয়ানের দল থেকে জায়গা হারিয়েছেন সোহাগ গাজী ও মোহাম্মদ মিঠুনও। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ সোহাগ এখন অ্যাকশন শোধরানোর কাজ করছেন। মিঠুন অবশ্য নিজেকে দুর্ভাগা ভাবতে পারেন। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে সুযোগই পাননি খেলার, টি-টোয়েন্টি একাদশে থাকলেও পাননি ব্যাটিং। ঘরোয়া ক্রিকেটে গত মৌসুমে ছিলেন দুর্দান্ত ফর্মে। প্রধান নির্বাচক ফারুক আহমেদের ব্যাখ্যা, ‘গত মাস খানেক আসলে খেলার মধ্যে ছিল না মিঠুন। চোট সমস্যা ছিল, আমাদের মনে হয়েছে ম্যাচ অনুশীলন প্রয়োজন ওর। সিরিজের পরের ভাগে ওকে বিবেচনা করার সম্ভাবনা আছে।’ হ্যামস্ট্রিংয়ের হালকা চোট কাটিয়ে কাল মাঠে ফিরেই ঢাকা প্রিমিয়ার লিগে ৭৫ বলে ৮৩ রান করেছেন মিঠুন।
প্রথম শ্রেণির ক্রিকেটের মতো জুবায়ের লিস্ট ‘এ’ অভিষেকও হয়েছে সেপ্টেম্বরে জিম্বাবুয়ে ’এ’ দলের বিপক্ষে সিরিজে। ঘরোয়া ক্রিকেটেও খেলেননি এক দিনের ম্যাচ। তবু এই তরুণের প্রতি অনেক আস্থা প্রধান নির্বাচকের, ‘বিশ্বের প্রায় সব দলেই দেখবেন এখন লেগ স্পিনার আছে। আমাদের দলে বাঁহাতি স্পিনার আছে দুজন, অফ স্পিনার আছে মাহমুদউল্লাহ। বৈচিত্রে৵র স্বার্থে তাই লেগ স্পিনার নিয়েছি। আর শুধু বৈচিত্র্যের স্বার্থে বললেও জুবায়েরের প্রতি অবিচার হয়। আগে থেকেই আমাদের বিবেচনায় ছিল ও। আমরা ওর টেম্পারামেন্ট দেখতে চেয়েছিলাম। টেস্ট সিরিজে সেটার প্রমাণ ও ভালোই দিয়েছে।’
অভিজ্ঞ স্পিনার আবদুর রাজ্জাক ও তরুণ গতি তারকা তাসকিন আহমেদ নেই চোটের কারণে। এই সিরিজ দিয়েই ওয়ানডে অধিনায়ক হিসেবে আবার যাত্রা শুরু হচ্ছে মাশরাফি বিন মুর্তজার। তাঁর ডেপুটি হয়ে নেতৃত্বমণ্ডলে ফিরছেন সাকিব আল হাসানও। আর মুশফিকের পরিচয় শুধুই উইকেটকিপার ব্যাটসম্যান। ২১ ও ২৩ নভেম্বর হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটি।
ওয়ানডে দল
দলে ফিরেছেন: সাকিব আল হাসান, আরাফাত সানি
বাদ পড়েছেন: নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, শামসুর রহমান, সোহাগ গাজী
চোটের কারণে নেই: আবদুর রাজ্জাক, তাসকিন আহমেদ
নতুন মুখ: সাব্বির রহমান, জুবায়ের হোসেন
প্রথম দুই ওয়ানডের দল: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আল আমিন হোসেন, রুবেল হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন।