ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশের উজ্জীবিত জয়
ওয়েস্ট ইন্ডিজ সফরে গা গরমটা চমত্কার হলো বাংলাদেশের। গ্রেনাডার বিপক্ষে ৯৫ রানের জয় দিয়ে মূল লড়াই শুরুর আগে যথেষ্ট আত্মবিশ্বাসই সংগ্রহ করে নিল মুশফিকুর রহিমের বাহিনী।
গ্রেনাডার বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচের সবচেয়ে বড় পাওয়া তামিম ইকবালের রানে ফেরা। ৮৬ বলে ১২টি চার ও দুটি ছয়ে সাজানো তামিমের ৯১ রান দীর্ঘ খরার পর যেন এক পশলা শীতল বৃষ্টির মতোই। এখন ওয়ানডে ও টেস্ট সিরিজে তামিম এই ফিরে পাওয়া ফর্ম কাজে লাগাতে পারেন কি না, দেখার বিষয় এটিই।
তামিমের ৯১ রানের পাশাপাশি মাহমুদউল্লাহর ঝোড়ো গতির ৭৮ আর অধিনায়ক মুশফিকের ৪৪ রানের ওপর ভর করে গ্রেনাডাকে বাংলাদেশ ছুড়ে দেয় ৩২৩ রানের লক্ষ্য (৩২২/৬)। বাংলাদেশের ইনিংসের সবচেয়ে সেরা দিক ছিল শেষ ১০ ওভারে ১১৪ রান তোলা। মাহমুদউল্লাহর সঙ্গে মুশফিক ও নাসিরের দুটি দারুণ জুটি। মাত্র ৬১ বলে ৭টি চার ও ৩টি ছয়ে মাহমুদউল্লাহও ইঙ্গিত দিয়েছেন এই সিরিজে নতুন করে শুরু করার।
শামসুর রহমানের ব্যাট থেকেও এসেছে ৩২ রান। নাসির হোসেন শেষ অবধি অপরাজিত থাকেন ২২ রানে।
জবাবে ব্যাট করতে নেমে গ্রেনাডার ইনিংস থেমে যায় ২১৫ রানেই। বল হাতে জ্বলে উঠেছেন মাশরাফি। ৪৪ রানে তাঁর দখলে গেছে ৩ উইকেট। আল-আমিন হোসেন তুলে নিয়েছেন ২ উইকেট, ৪৪ রানের বিনিময়ে। ভালো বল করেছেন আবদুর রাজ্জাকও। ৩৫ রান দিয়ে তাঁর ঝুলিতে গেছে ২ উইকেট।