ওয়ানডেতে অন্য ভারত

টেস্টে ছন্দ ফিরে ফেলেও ওয়ানডেতে সেই আগের ইংল্যান্ডই! টেস্ট সিরিজে ভারতকে নাস্তানুবাদ করলেও ওয়ানডেতে এখন উল্টো নাকাল ইংলিশরা। ভারতের অবস্থা ঠিক তার বিপরীত। একদিনের ম্যাচে অন্য চেহারায় মহেন্দ্র সিং ধোনির দল। ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
ইংল্যান্ডের দেওয়া ২২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি ধোনির দলের। রান পেয়েছেন প্রায় সব ব্যাটসম্যানই। তবে সবচেয়ে এগিয়ে আম্বাতি রাইডু। এ ডানহাতি অপরাজিত ছিলেন ৬৪ রানে। ভারতের স্বস্তির খবর, ‘অনেক দিন পর’ রান পেয়েছেন বিরাট কোহলি। তবে ইনিংসটাকে খুব একটা লম্বা করতে পারেননি এ ভারতীয় ব্যাটিং সেনশেসন। স্টোকসের বলে ফেরার আগে করেছেন ৪০। ভারতের ১২০ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পরও ইংলিশদের পরাজয় ত্বরান্বিত হয় মূলত সুরেশ রায়না ও রাইডুর চতুর্থ উইকেট জুটিতে তোলা ৮৭ রানে।
এর আগে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক। দুই ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক ও অ্যালেক্স হেলস শুরুটা এনে দেন দারুণ। উদ্বোধনী জুটিতেই আসে ৮২ রান। কিন্তু এ গতি আর ধরে রাখতে পারেননি পরবর্তী ব্যাটসম্যানরা। মিডল অর্ডারদের ব্যর্থতায় সংগ্রহটা হলো বড্ড সাদামাটা। বিনা উইকেটে ৮২ থেকে ৩ উইকেট ৯৭ রান। এরপর নিয়মিত বিরতিতে চলল উইকেট পতন। ইনিংসের শেষ বলে ২২৭ করে অলআউট ইংল্যান্ড। সর্বোচ্চ ৪৪ এল কুকের ব্যাট থেকে। ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রবিচন্দ্রন অশ্বিন। এ ডানহাতি স্পিনার ১০ ওভারে ৩৯ রানে নিয়েছেন ৩ উইকেট। ম্যাচসেরাও তিনি। সূত্র: স্টার স্পোর্টস ১।