ওয়ানডেতে দেখা যাবে আত্মবিশ্বাসী বাংলাদেশকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যর্থতা ভুলে সামনে তাকাতে চান তামিম। ছবি: প্রথম আলো
ব্যর্থতা ভুলে সামনে তাকাতে চান তামিম। ছবি: প্রথম আলো

যে বাংলাদেশ গত আট মাসে ঘরের মাঠে হারতেই ভুলে বসেছিল, তাদের পেতে হলো টানা তিন পরাজয়ের স্বাদ। ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে হারাটা তেমন গুরুত্বপূর্ণ না হলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি ম্যাচে হার, আত্মবিশ্বাসে ধাক্কাই বটে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সবচেয়ে ভালো করছে ওয়ানডেতেই। শুক্রবার থেকে শুরু হওয়া তিন ম্যাচে ওয়ানডে সিরিজের আগে তামিম ইকবাল জানালেন, এ সংস্করণে ভালো করতে প্রস্তুত বাংলাদেশ।
কোনো দলই চায় না হারতে। কোনো খেলোয়াড়ই চান না ব্যর্থতার চোরাবালিতে হাবুডুবু খেতে। তামিমও চান না। প্রোটিয়াদের বিপক্ষে দু্টি টি-টোয়েন্টি হারের স্মৃতি ভুলে নতুন প্রত্যয়ে ঘুরে দাঁড়াতে চান এ বাঁহাতি ওপেনার। পরিসংখ্যানটাও উৎসাহিত করবে তামিমদের। ঘরের মাঠে গত ১১ ম্যাচের ১০টি জিতেছে বাংলাদেশ। তামিম তাই বললেন, ‘কেউ চায় না হার দিয়ে শুরু করতে। যদি এক বা দুটি টি-টোয়েন্টি জিততাম, তাহলে হয়তো আত্মবিশ্বাস অন্যরকম থাকত। এমন পরাজয়ের পর আসলে দলের কারও ভালো লাগার কথা নয়। তবে সামনে ওয়ানডে। আর এ সংস্করণেই আমরা সবচেয়ে শক্তিশালী। এ সিরিজের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।’
বেশ কদিন ধরেই প্রশ্নটি ভাসছে বাতাসে—টি-টোয়েন্টিতে কেন বাংলাদেশ ওয়ানডের মতো ভালো করতে পারছে না? তামিম অবশ্য পুরোনো উত্তরটাই নতুন করে দিলেন, ‘ওয়ানডেতে আমরা অনেক আত্মবিশ্বাসী দল। টানা কয়েকটা সিরিজ আমরা ভালো খেলছি। টি-টোয়েন্টি নিয়ে যে কথাটা বলা হয়, সেটা ঠিক নয়। আমরা ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টি খুব কম খেলি। পাঁচ-ছয় ম্যাচ খেলি কিনা বলা কঠিন। অনেক সময় বছরে একটা ম্যাচও খেলি না। দল হিসেবে এ সংস্করণ নিয়ে আমরা ঠিকমতো কাজ করতে পারিনি। যখন যে সংস্করণ নিয়মিত খেলি, তখন সেটা খুব স্বচ্ছন্দ বোধ করি। যেহেতু ওয়ানডেতে আমরা ভালো খেলছি, এ সংস্করণে আমরা অনেক আত্মবিশ্বাসী থাকব।’

ভারত-পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যেভাবে সিরিজ জিতেছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেটা পারবে কিনা, সংশয় দেখা দিয়েছে। তামিম অবশ্য মনে করেন, নতুন কোনো টোটকা নয়; ভারত-পাকিস্তানের বিপক্ষে যেভাবে খেলেছে বাংলাদেশ, সেভাবে খেলতে পারলেই সাফল্য ধরা দেবে। বাঁহাতি এ ওপেনার বললেন, ‘ ভারত-পাকিস্তান উপমহাদেশের কন্ডিশনে খুবই শক্তিশালী দল। দক্ষিণ আফ্রিকাও খুব শক্তিশালী দল। এ কারণেই তারা র‌্যাঙ্কিংয়ে প্রথম দিকে আছে। ওদের বোলিং আক্রমণ ভালো। ব্যাটিংও ভালো। ভারত-পাকিস্তানকে হারাতে যতটা কষ্ট করতে হয়েছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তাই করতে হবে। অতিরিক্ত কিছু করতে হবে, তা নয়।’
সেই বিশ্বকাপ থেকেই টানা ক্রিকেট খেলছে বাংলাদেশ। টানা ক্রিকেটে কি ক্লান্তি ছুঁয়ে যাচ্ছে ক্রিকেটারদের? আর সেই ক্লান্তির প্রভাব পড়ছে সর্বশেষ কয়েক ম্যাচে? তামিম অবশ্য তা মনে করেন না, ‘ক্লান্তি গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত নয়। আমরা একটি পেশাদার দল। সবাই দায়িত্ব সম্পর্কে সচেতন। সবাই চেষ্টা করে নতুন একটা ম্যাচের আগে যতটা সম্ভব সজীব থাকতে। আসলে হারলে এ ধরনের কথা ওঠে। এ নিয়ে কথা বলতে চাই না। জয় পাওয়া ম্যাচগুলোয় যেভাবে প্রস্তুতি নিয়েছি, এখনো সেভাবেই নিচ্ছি। যারা দেশের হয়ে খেলছে, শতভাগ দিয়েই খেলছে।’