ওয়ানডেতে নেই ডি ভিলিয়ার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবি ডি ভিলিয়ার্স
এবি ডি ভিলিয়ার্স

বাবা হবেন বলে বাংলাদেশের বিপক্ষে এবি ডি ভিলিয়ার্স টেস্ট সিরিজে খেলবেন না, সে ঘোষণা আগেই এসেছিল। এক ম্যাচের জন্য নিষিদ্ধ থাকায় তিন ম্যাচের ওয়ানডের শেষ দুই ম্যাচে খেলার কথা ছিল। তবে পুরো ওয়ানডে সিরিজের জন্যই তাঁকে ছুটি দিয়েছে দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট।
আজ ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, ডি ভিলিয়ার্সের অনুপস্থিতে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন হাশিম আমলা।
আর দুটি টেস্ট খেললেই অভিষেকের পর টানা ১০০ টেস্ট খেলার রেকর্ড গড়তেন ডি ভিলিয়ার্স। কিন্তু সে সময়ে বাবা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই আগেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। বিশ্বকাপের সেমিফাইনালে ধীর গতির ওভার রেটের জন্য এক ওয়ানডের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। তবে বাকি দুই ওয়ানডের জন্য দলে ছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। কিন্তু আজ পুরো সিরিজ থেকেই তাঁকে ছুটি দিল দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার কোচ রাসেল ডমিঙ্গো আজ ক্রিকইনফো বলেছেন, ‘ডি ভিলিয়ার্স দম্পতির প্রথম সন্তানের জন্মের সময় প্রায় ঘনিয়ে এসেছে। এ সময়ে আমরা তাঁকে কিছুটা মানসিক প্রশান্তিতে থাকার সুযোগ দিতেই পছন্দ করব।’ দক্ষিণ আফ্রিকার কোচ আরও বলেন, ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে অবশ্যই তাঁর অভাব অনুভূত হবে। তবে এ সময়ে আমরা দলের ব্যাটসম্যানদের কিছুটা সুযোগ দিতে চাই, বোলাররা যেমনটি পাচ্ছে।

২০০৪ সালের ডিসেম্বরে ডি ভিলিয়ার্সের টেস্ট অভিষেক হয়। এর পর কোনো ম্যাচে বাদ পড়েননি। গত বছরের ডিসেম্বরের অ্যাডাম গিলক্রিস্টের ৯৬ টেস্টের রেকর্ড ভেঙেছেন। সর্বশেষ তাঁর টানা টেস্ট খেলার রেকর্ড ঠেকেছে ৯৮ এ। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট খেললেই এক শর কোটা ছুঁতেন।