ওয়ানডেতে নেই ডি ভিলিয়ার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট সিরিজে খেলবেন না, এটা আগে থেকেই জানা ছিল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যাতে স্ত্রীর পাশে থাকতে পারেন, সে জন্য এবি ডি ভিলিয়ার্সকে ছুটি দিয়েছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তবে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজটা খেলার কথা ছিল। ওয়ানডে অধিনায়কও তো তিনিই। কিন্তু এখন ওয়ানডে সিরিজের আগেই দেশে ফিরে যাচ্ছেন ডি ভিলিয়ার্স।
হঠাৎ করে ডি ভিলিয়ার্সের ফিরে যাওয়ার কারণটাও কিছুটা অদ্ভুত। গত বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে অভিযুক্ত হন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক। ১২ মাসের মধ্যে সেটি ছিল স্লো ওভার রেটের কারণে তাঁর দ্বিতীয়বার অভিযুক্ত হওয়ার ঘটনা। যার শাস্তি এক ম্যাচের নিষেধাজ্ঞা। বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে হবে শুক্রবার মিরপুরে। ওই ম্যাচেই তাই কার্যকর হওয়ার কথা ডি ভিলিয়ার্সের নিষেধাজ্ঞা। একটা ম্যাচ যেহেতু এমনিতেই খেলতে পারছেন না, টিম ম্যানেজমেন্ট পুরো সিরিজ থেকেই ডি ভিলিয়ার্সকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কাল ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ওয়েবসাইটে এক বিবৃতিতে এ খবরটা নিশ্চিত করা হয়। তবে নিষেধাজ্ঞার ব্যাপারটা যেহেতু আগেই নিশ্চিত হয়েছিল, এখন হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত, সেই রহস্য থেকেই যাচ্ছে।
দক্ষিণ আফ্রিকা কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য ব্যাখ্যা করেছেন, ‘এবির উপস্থিতি এবং দলে ওর অবদান আমরা মিস করব। কিন্তু সামনে ব্যস্ত সূচি আমাদের। আর আমাদের মনে হয়েছে তরুণ ব্যাটসম্যানদের গড়ে তোলার এটা ভালো একটি সুযোগ। যে সুযোগটা বোলারদেরও আমরা এখন দিচ্ছি। তা ছাড়া প্রথম সন্তানের জন্মের আগে এবি শান্তিমতো ওর স্ত্রীর পাশে থাকুক, এটাও চেয়েছি।’
ডি ভিলিয়ার্সের বদলে নেতৃত্ব দেবেন ওয়ানডের সহ-অধিনায়ক ও টেস্ট অধিনায়ক হাশিম আমলা। ডি ভিলিয়ার্স চলে যাওয়ায় ওয়ানডে দলে রেখে দেওয়া হচ্ছে দ্বিতীয় টি-টোয়েন্টির ম্যান অব দ্য ম্যাচ লেগ স্পিনার এডি লেই। ক্রিকেট এসএ।