ওয়ানডেতে পাকিস্তানের 'ভয়াবহ' দুর্দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসবাহ-আফ্রিদির মতো সিনিয়রদের হারানো পাকিস্তান খুঁজে ফিরছে পথ। ফাইল ছবি
মিসবাহ-আফ্রিদির মতো সিনিয়রদের হারানো পাকিস্তান খুঁজে ফিরছে পথ। ফাইল ছবি

ক্রিকইনফো শিরোনামে ব্যবহার করেছে ‘টেরিবল’ শব্দটি। যার অর্থ ভয়ংকর, ভীষণ, ভয়াবহ। কিংবা শোচনীয়ভাবে খারাপ। বাংলাদেশের কাছে বাংলাওয়াশ হওয়ার পর দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ তারা জিতেছে বটে। কিন্তু বাংলাওয়াশের ক্ষত তাতে শুকোয়নি। ওয়ানডেতে তাদের গত সাড়ে তিন বছরের ফলাফল বিশ্লেষণ করে ক্রিকইনফো বলছে, ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি খেলার যে আশা পাকিস্তান করছে, তাদের তাদের পাড়ি দিতে হবে অনেক কঠিন পথ।
৬ বছর পর  দেশের মাটিতে খেলা, সেটিও জিম্বাবুয়ের বিপক্ষে। দুটো টি-টোয়েন্টি আর দুটো ওয়ানডে জিতলেও (তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে) প্রতিটি ম্যাচে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা পাকিস্তানি বোলারদের ঘাম ছুটিয়ে ছেড়েছে। মনে রাখবেন, জিম্বাবুয়ে বিশ্বকাপের পর ক্রিকেট শুরু করেছে তাদের সেরা ব্যাটসম্যান ব্রেন্ডন টেলরকে ছাড়াই। খোদ ওয়াকার ইউনিস পর্যন্ত স্বীকার করেছেন, ওয়ানডে দলের অবস্থা নড়বড়ে। তবুও তিনি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আশা ছাড়ছেন না।
কিন্তু ক্রিকইনফোর অন্যতম পরিসংখ্যান বিশেষজ্ঞ এস রাজেশ পাকিস্তান দলের বর্তমান অবস্থান তুলে এনেছেন তাঁর ‘ওয়ানডেতে পাকিস্তানের ভয়াবহ দুর্দশা’ শিরোনামের বিশ্লেষণী লেখাটিতে। যেখানে দেখা যাচ্ছে, ২০১২ সালের জানুয়ারি থেকে র‍্যাঙ্কিংয়ের সেরা আট দলের (বাংলাদেশকে ধরে) বিপক্ষে তারা জিতেছে ২৪টি, হেরেছে দ্বিগুণের কাছাকাছি—৪৩টি!
২০১২-এর জানুয়ারিকে বেছে নেওয়ার কারণ, আগের বছরেও দুর্দান্ত ছিল পাকিস্তান। সেই বছর ২৪টি ওয়ানডে জিতেছিল পাকিস্তান, হেরেছিল সাতটি। জয়-পরাজয়ের অনুপাতের দিক দিয়ে পাকিস্তান ছিল সে বছর বিশ্বের এক নম্বর দল। আর এই সাড়ে তিন বছরে বাংলাদেশ এগিয়ে এসেছে দারুণভাবে। শুধু তা-ই নয়, পরিসংখ্যান বলছে, এই সময়টায় বাংলাদেশ ছিল বিশ্বের সেরা সাত নম্বর দল; পাকিস্তান তো বটেই, ওয়েস্ট ইন্ডিজেরও আগে। এই সময়টায় বাংলাদেশ ৩৪ ম্যাচের ১৩টি জিতেছে, ১৯টি হেরেছে। জয়-পরাজয়ের অনুপাত দশমিক ৬৮। যেখানে ওয়েস্ট ইন্ডিজের দশমিক ৬৫, পাকিস্তানের দশমিক ৫৬।
বাংলাদেশ যোগ্য দল হিসেবেই আট নম্বরে আছে। এই আট নম্বর জায়গাটি নিয়েই ত্রিমুখী লড়াই। বাংলাদেশ-পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। চ্যাম্পিয়নস ট্রফির পাশাপাশি ২০১৯ বিশ্বকাপের কারণেই র‍্যাঙ্কিংয়ের সেরা আট দল হওয়াটা গুরুত্বপূর্ণ। এই তিন দলের মধ্যে ব্যবধান মাত্র এক রেটিং পয়েন্টের সামান্য কিছু বেশি। এ কারণে বাংলাদেশের আগামী ছয়টি (ভারত ও দক্ষিণ আফ্রিকা) ওয়ানডে আর পাকিস্তানের পাঁচটি ওয়ানডে (শ্রীলঙ্কা) খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ হয়তো ভারত-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খুব বেশি ম্যাচ জেতেনি। কিন্তু পাকিস্তানের বিপক্ষেও তো রেকর্ড ছিল আরও খারাপ। সেখান থেকেই বাংলাওয়াশ। এই সাহস বুকে নিয়ে এটি বাংলাদেশের সামনে সেরা সুযোগ, ‘বড় শিকার’র করার।