ওয়ানডেতে সবচেয়ে বেশি হার এখন শ্রীলঙ্কার

ওভালে কাল দ্বিতীয় ওয়ানডেতেও হেরেছে শ্রীলঙ্কা।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারের বৃত্ত থেকে বের হয়ে আসতে পারছে না শ্রীলঙ্কা। ওভালে কাল দ্বিতীয় ওয়ানডেতেও শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংলিশরা। এর মধ্য দিয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ম্যাচ হারের অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড দেখল শ্রীলঙ্কা।

আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪১ রান তুলেছিল শ্রীলঙ্কা। ৯১ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা। ৪৭ রান করেন দাসুন শানাকা। ইংল্যান্ডের হয়ে ৪৮ রানে ৫ উইকেট নেন স্যাম কারেন। আরেক পেসার ডেভিড উইলি ৬৪ রানে ৪ উইকেট নেন। রান তাড়া করতে নেমে ৪২ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইংল্যান্ড।

ওপেনার জেসন রয়ের ব্যাট থেকে আসে ৬০ রানের ইনিংস। জো রুট (৬৮*) ও এউইন মরগানের (৭৫*) ব্যাট থেকেও এসেছে ফিফটি। ইংল্যান্ড সফরে এর আগে টি-টোয়েন্টি সিরিজেও ধবলধোলাই হয়েছে শ্রীলঙ্কা।

সেই সিরিজ হারের পর শ্রীলঙ্কার ক্রিকেটপ্রেমীরা সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলকে ‘আনফলো’ করার প্রচারণা শুরু করেন।

ইংল্যান্ড সফরে ভালো করতে পারছে না শ্রীলঙ্কা।
ছবি: এএফপি

বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া শ্রীলঙ্কা দল পরিসংখ্যানেও উঠে এল অনাকাঙ্ক্ষিত এক জায়গায়। ওয়ানডে ইতিহাসে এখন সর্বোচ্চসংখ্যক ম্যাচে হার দেখতে হলো শ্রীলঙ্কাকে। কালকের হারটি ছিল এই সংস্করণে তাদের ৪২৮তম হার। ৮৬০ ম্যাচে এতগুলো ম্যাচ হারের পাশাপাশি ৩৯০ জয়ের দেখা পেয়েছে শ্রীলঙ্কা।

ওয়ানডেতে এত দিন সর্বোচ্চ হারের জায়গাটি ছিল ভারতের দখলে। ৯৯৩ ম্যাচে ৪২৭ হারের পাশাপাশি ৫১৬ জয় পেয়েছে ভারত। কাল ইংল্যান্ডের কাছে হেরে ভারতকে পেছনে ফেলল শ্রীলঙ্কা।

সর্বোচ্চ ম্যাচ হারে ভারতের পরপরই রয়েছে পাকিস্তান। ৯৩৩ ম্যাচে ৪৯০ জয়ের পাশাপাশি ৪১৪ ম্যাচ হেরেছে তারা। হারে চার শ-র ঘরে রয়েছে উপমহাদেশের এ তিনটি দল। ৩৮৪ হার নিয়ে এরপরই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

শ্রীলঙ্কার ক্রিকেটপ্রেমীরা জাতীয় দলের খেলোয়াড়দের তুমুল সমালোচনা করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ছবি: এএফপি

এরপর যথাক্রমে জিম্বাবুয়ে (৩৭৫ হার) ও নিউজিল্যান্ড (৩৭৪ হার)। ৩৩৯ ম্যাচ হেরেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার হার ৩৩৩ ম্যাচ। বাংলাদেশ ৩৮৫ ওয়ানডে খেলে ২৪৫ ম্যাচে হেরেছে। জয় তুলে নিয়েছে ১৩৩টি ম্যাচে।