ওয়ানডেতেও ফিরলেন মালিঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাসিথ মালিঙ্গা
লাসিথ মালিঙ্গা

হাঁটুর চোটে এক বছর ছিলেন ক্রিকেটের বাইরে। গত ফেব্রুয়ারিতে ক্রিকেটে ফিরে খেলছিলেন শুধু টি-টোয়েন্টি। লাসিথ মালিঙ্গা এবার সুযোগ পেয়ে গেলেন ওয়ানডেতেও। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য কাল ঘোষিত শ্রীলঙ্কার ১৫ সদস্যের দলে নেওয়া হয়েছে এই ফাস্ট বোলারকে।
‘১০ ওভার বল করার মতো ফিট’—চিকিৎসকদের এই সনদ পাওয়ার পরই ডাকা হয়েছে ২০১৫ সালের নভেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলা মালিঙ্গাকে। ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথুসও। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে খেলতে না পারা ম্যাথুসই অধিনায়ক শ্রীলঙ্কার। দলে ফিরেছেন ২০১৬ সালের জানুয়ারিতে সর্বশেষ ওয়ানডে খেলা ব্যাটসম্যান চামারা কাপুগেদারাও।

কাল দল দিয়েছে নিউজিল্যান্ডও। দুই ফাস্ট বোলার মিচেল ম্যাকলেনাহান ও অ্যাডাম মিলনে এবং অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনকে ফিরিয়েছে কিউইরা। চোটের সঙ্গে লম্বা লড়াই করা ত্রয়ী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিটনেসের প্রমাণ দিয়েই ফিরেছেন। ম্যাকলেনাহানদের জায়গা দিতে বাদ পড়েছেন ডিন ব্রাউনলি, লকি ফার্গুসন ও ম্যাট হেনরি। দলে বড় পরিবর্তন আর একটি—লেগ স্পিনার ইশ সোধির পরিবর্তে নেওয়া হয়েছে অফ স্পিনার জিতান প্যাটেলকে।

১ জুন শুরু চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে ‘এ’ গ্রুপে খেলবে নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কার সঙ্গী ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। আইসিসি, রয়টার্স।

চ্যাম্পিয়নস ট্রফির আরও দুই দল
শ্রীলঙ্কা দল: অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), উপুল থারাঙ্গা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, নিরোশান ডিকভেলা, চামারা কাপুগেদারা, আসেলা গুনারত্নে, দিনেশ চান্ডিমাল, লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, নুয়ান প্রদীপ, থিসারা পেরেরা, সুরঙ্গা লাকমল, সিকুগে প্রসন্ন, লক্ষ্মণ সান্দাকান।
নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, নিল ব্রুম, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, টম ল্যাথাম, মিচেল ম্যাকলেনাহান, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, জিতান প্যাটেল, লুক রনকি, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর।