ওয়ানডের দুই শ নিয়ে রোহিত

ক্রিস গেইলের ২১৫। পরে মার্টিন গাপটিলের ২৩৭। বিশ্বকাপে পরের ডাবল সেঞ্চুরিটি কার? এমন প্রশ্নে কেউ কেউ হয়তো বলে বসবেন রোহিত শর্মার নাম। ওয়ানডের সর্বোচ্চ ইনিংস এবং দু-দুটি ডাবল সেঞ্চুরির মালিক আরেকটি দ্বিশতক করতেই পারেন। কিন্তু রোহিত কী বলেন শুনুন, ‘ডাবল সেঞ্চুরি করাটা কঠিন। আর প্রতিদিন ২০০ করা অসম্ভব।’
তা হয়তো অসম্ভব। কিন্তু মাস খানেকের ব্যবধানে গেইল-গাপটিলের ডাবল সেঞ্চুরি ওয়ানডেতে আরও অনেক ডাবল সেঞ্চুরি, তিন শ ছোঁয়া স্কোরের সম্ভাবনারই জানালা খুলে দেয়। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গাপটিলই তো হুমকির মুখে ফেলে দিয়েছিলেন রোহিতের রেকর্ডটিকে। রোহিত নিজেও বিশ্বাস করেন, একদিন কেউ না কেউ ছাপিয়ে যাবে তাঁর সর্বোচ্চ রানের ইনিংসটিকে, ‘রেকর্ড হয় ভাঙার জন্যই। আমি যদিও চাইব না রেকর্ডটি আমার হাতছাড়া হোক। কিন্তু ব্যাটসম্যানরা চাইবে আরও বড় ইনিংস খেলতে। মানুষের প্রত্যাশাও বেড়েছে। আমি যখন ২৬৪ করি, মানুষজন বলছিল আমার ৩০০ করা উচিত ছিল। আপনি যদি ৩০০ করে বসেন তখন আশা করা হবে ৩৫০ রানের।’ পিটিআই।