ওয়ার্ন-বেনোদের সঙ্গে লায়নও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ল্যারি গ্রিমেট, রিচি বেনো, শেন ওয়ার্ন ও স্টুয়ার্ট ম্যাকগিল। এত দিন এই চারজনই ছিলেন। কাল সংখ্যাটাকে ‘৫’ বানিয়ে ফেললেন নাথান লায়ন।
ক্রিকেট ইতিহাসের একটু খোঁজখবর রাখলে নামগুলো থেকেই বুঝে ফেলেছেন, স্পিনারদের কোনো কীর্তি নিয়েই কথা হচ্ছে। কীর্তিটা হলো, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ১০০ উইকেট নেওয়া।
কাল সিডনি টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার ক্রেগ ব্রাফেটকে আউট করে পেলেন অস্ট্রেলিয়ার মাটিতে শততম উইকেট পেয়েছেন লায়ন, ক্যারিয়ারে যা ১৮৪তম। ‘ডেড রাবার’ হয়ে যাওয়া ফ্রাঙ্ক ওরেল ট্রফির শেষ টেস্টের প্রথম দিনটা তাই লায়ন নিজের করে নিলেন স্মরণীয় এই অর্জনে।
তবে দিনটা হতে পারত ব্রাফেটেরও। হোবার্টে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পেতে পেতে পাননি, আউট হয়ে গিয়েছিলেন ৬ রান দূরে থেকে। কালও তাঁর ব্যাট ওয়েস্ট ইন্ডিজকে এই সিরিজে প্রথম সেঞ্চুরির আশা দেখাচ্ছিল। ওপেন করতে নামার পর অন্য প্রান্তে একে একে চারজন সঙ্গীকে ফিরে যেতে দেখেও অবিচল ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। এবার ফিরলেন সেঞ্চুরি থেকে ১৫ রান দূরে থাকতে। তবে ব্রাফেটের এই প্রতিরোধটাই বৃষ্টিবিঘ্নিত সিডনির প্রথম দিনটাকে শুধুই অস্ট্রেলিয়ার হতে দেয়নি। দিন শেষে ক্যারিবীয়রা ৬ উইকেটে ২০৭। ৩৫ বলে ৩৫ রান করে শেষবেলায় উজ্জ্বল আরেক ‘ব্রাফেট’—কার্লোস।
বৃষ্টিতে দুই দফা বেশ কিছু সময় নষ্ট হওয়ার পরও যে খুব বেশি ওভার নষ্ট হয়নি, তার কারণ দুই প্রান্ত থেকে টানা বল করে গেছেন দুই অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন ও স্টিভেন ও’কিফ। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্টের পর এই প্রথম দেশের মাটিতে দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। সিদ্ধান্তটা যে ভুল ছিল না, সেটি বোঝা গেছে প্রথম দিনই। দুজনই বড় টার্ন পাচ্ছেন প্রথম দিনের উইকেট থেকেই। যা উপভোগ করছেন লায়নও, ‘এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ। এখানে বল ভালো ঘুরছে, আবার বাউন্সও আছে। স্টাম্প সোজা বল করে যাওয়াটা আমার জন্য চ্যালেঞ্জ এবং আমি সেটা উপভোগও করছি।’
এরই মধ্যে সেই চ্যালেঞ্জে জয়ীই বলতে হচ্ছে লায়নকে। সারা দিনে যে ৭৫ ওভার খেলা হয়েছে, তার ৩২টিই করেছেন তিনি। যে দুটি উইকেট পেয়েছেন, তার মধ্যে দ্বিতীয়টি তাঁকে বসিয়েছে ওয়ার্ন-বেনোদের ওই অভিজাত ক্লাবে। লায়ন উচ্ছ্বসিত সেই অর্জনেও, ‘আমি খুবই গর্বিত। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি জানতাম এই অর্জনের খুব কাছাকাছি আছি। তবে সঠিক সংখ্যাটা জানতাম না।’ এএফপি।