ওয়ার্ন-মুরালিদের চেয়ে যেখানে এগিয়ে অশ্বিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৭ টেস্টে ২০০ উইকেট তুলে নিলেন অশ্বিন। ছবি: এএফপি
৩৭ টেস্টে ২০০ উইকেট তুলে নিলেন অশ্বিন। ছবি: এএফপি

মাত্র এক ম্যাচ বেশি খেলেছেন বলে দুই নম্বরে জায়গা হলো। না হলে তো টেস্টে দ্রুততম ২০০ উইকেটের রেকর্ডে বসে যেতেন ক্ল্যারি গ্রিমেটের পাশেই। তবে আক্ষেপের সুযোগ কোথায়? রবিচন্দ্রন অশ্বিন যা করেছেন, সেটা যে করতে পারেননি দুই ইতিহাস সেরা স্পিনার মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্নও। 

গ্রিমেট ম্যাচ খেলেছিলেন মাত্র ৩৬টি, অশ্বিনের লাগল ৩৭ টেস্ট। গ্রিমেটের রেকর্ডটি সেই ৮০ বছর পুরোনো। ১৯৩৬ সালের পর গ্রিমেটের এই অনন্য রেকর্ডের সবচেয়ে কাছে আসতে পেরেছেন অশ্বিন।
অশ্বিনের চেয়ে পিছিয়ে থাকা কিংবদন্তিদের মধ্যে কে নেই! ডেনিস লিলি আছেন তাঁর ঠিক পেছনেই। অস্ট্রেলীয় গ্রেট ২০০ উইকেট তুলে নিয়েছিলেন ৩৮টি টেস্ট খেলে। পাকিস্তানের ওয়াকার ইউনুসও ৩৮তম টেস্টে এই কীর্তি গড়েন। ৩৯ টেস্ট লেগেছিল ডেল স্টেইনের।
১৯৯৫ সালের পার্থ টেস্টে ক্যারিয়ারের ২০০তম উইকেটটি তুলে নিয়েছিলেন শেন ওয়ার্ন। সেটি ছিল তাঁর ৪২তম টেস্ট। ওয়ার্নের কারণেই অস্ট্রেলিয়া দলে সেভাবে সুযোগ না পাওয়া স্টুয়ার্ট ম্যাকগিল ২০০ উইকেট তুলে নিয়েছিলেন ওয়ার্নের চেয়ে একটি টেস্ট কম খেলে। মুরালিধরনও ওয়ার্নের সঙ্গে ব্র্যাকেটবন্দী। ২০০ উইকেট পেতে তাঁকেও খেলতে হয়েছে ৪২ টেস্ট। এখানেই ওয়ার্ন আর মুরালিকে কত পেছনে ফেলেছেন। পেছনে ফেলেছেন লিলির মতো পেসারদেরও।
কানপুর টেস্টে খেলতে নামার আগে অশ্বিনের উইকেট ছিল ১৯৩। প্রথম ইনিংসে ৪ উইকেট। গতকাল চতুর্থ দিন নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট তুলে নিয়েই ঢুকে যান ইতিহাসে।
টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ২০০ উইকেট শিকারি হলেও ভারতীদের মধ্যে তিনিই দ্রুততম। এর আগে ভারতের হয়ে দ্রুততম ছিলেন হরভজন সিং। তিনি ৪৬ টেস্ট খেলে তুলে নিয়েছিলেন ২০০ উইকেট। অনিল কুম্বলের ২০০ উইকেট এসেছিল ৪৭ টেস্টে।
টেস্টে ভারতের হয়ে দ্রুততম ৫০, ১০০, ১৫০ উইকেটও পেয়েছিলেন অশ্বিন।