ওয়ার্ন-ম্যাকগিলদের স্মৃতি ফিরিয়ে আনছে অস্ট্রেলিয়া

২০০৬ আর ২০১৭-এর অস্ট্রেলিয়া দলের মাঝে আকাশ-পাতাল ফারাক। ১১ বছর আগে সফরকারীরা অধিনায়ক রিকি পন্টিংয়ের ব্যাটে জয় পেয়েছিল ফতুল্লায়। চট্টগ্রামের দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন নাইটওয়াচম্যান জেসন গিলেস্পি, অস্ট্রেলিয়া জিতেছিল ইনিংস ব্যবধানে। আর এবার অস্ট্রেলিয়াকে রীতিমতো ঘোষণা দিয়ে হারিয়েছেন মুশফিকেরা।
স্মিথরা তাই ভীষণ চাপে, চট্টগ্রাম টেস্ট হারলেই যে নেমে যাবেন টেস্ট র্যাঙ্কিংয়ের ছয়ে। তারপরও এক জায়গায় দুই অস্ট্রেলিয়ান প্রজন্ম মিলেছে কাকতালীয়ভাবে। সোমবার শুরু হতে যাওয়া শেষ টেস্টে অস্ট্রেলিয়া খেলাতে পারে তিন স্পিনার। ২০০৬-এর সেই চট্টগ্রাম টেস্টের পর যা তারা কখনোই করেনি।
ইঙ্গিত মিলেছিল আগেই। প্রথম টেস্টে জশ হ্যাজেলউডের ইনজুরির পর দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার স্টিভ ও’কিফ। মিরপুর টেস্টে অস্ট্রেলিয়ার ২০ উইকেটের ১৯টির ঘাতকই স্পিনার, অন্যটি রানআউট। চট্টগ্রামের উইকেট দেখেও আরেকটি স্পিন স্বর্গই আশা করছেন অস্ট্রেলীয় অধিনায়ক। চূড়ান্ত দল ঘোষণার আগেই তাই ও’কিফের এই টেস্ট খেলা ‘প্রায়’ নিশ্চিত।
‘গতকাল উইকেট দেখেছি। ঢাকার মতো বাউন্স হয়তো করবে না কিন্তু সময় গড়ালে স্পিন ধরবে উইকেটে।’ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেছেন স্মিথ। যেন একটু ঝুঁকিমুক্ত থাকতে চাইলেন, ‘আমি উইকেট ভালো বুঝি না। তবে ও’কিফকে স্কোয়াডে নেওয়ার সিদ্ধান্তটা ভালো, চাইলে আমরাও এখন তিন স্পিনার খেলাতে পারব। এক সপ্তাহ আগে তো বাংলাদেশ তাই করেছিল।’
সর্বশেষ ভারত সফরে ৪ টেস্টে ১৯ উইকেট নিয়েছিলেন ও’কিফ। লায়ন, অ্যাগার আর ও’কিফের মোট টেস্ট উইকেটের সংখ্যা ২৯৬, যেখানে সাকিব-মিরাজ-তাইজুল ত্রয়ীর সংগ্রহ ২৭৮ উইকেট। দুই দলের এই ছায়া একাদশের পেছনে উঁকি দিচ্ছে এ মাঠের সর্বশেষ টেস্টও। বাংলাদেশের বিপক্ষে ১২ উইকেট নিয়েছিলেন তিন ইংলিশ স্পিনার গ্যারেথ ব্যাটি, মঈন আলী ও আদিল রশিদ।
২০০৬-এর চট্টগ্রাম টেস্টে দলে ছিলেন ওয়ার্ন, ম্যাকগিল আর কালেন। ক্যারিয়ারে ওই একবারই টেস্ট খেলেছেন ড্যান কালেন। একটি উইকেটও পেয়েছিলেন। আর ওয়ার্ন-ম্যাকগিলের লেগ স্পিনে ১৫ উইকেট হারায় বাংলাদেশ। কিন্তু এবার তো আর ওয়ার্ন-ম্যাকগিল নেই। তাই ও’কিফ-লায়ন-অ্যাগারেই ভরসা রাখছে অস্ট্রেলিয়া। এ ক্ষেত্রেও আছে আরেকটি মিল। দুই লেগ স্পিনারে সঙ্গে একজন অফ স্পিনার নেমেছিল সেবার। এবারও একজন অফ স্পিনার আছে অস্ট্রেলিয়া দলে, তবে এবার তাঁর দুই সঙ্গী বাঁ-হাতি স্পিনার।