
হাশিম আমলার সেঞ্চুরি, কুইন্টন ডি কক ও ফাফ ডু প্লেসির দুটি সত্তরোর্ধ্ব ইনিংস এমনিতেই কাজটা কঠিন করে দিয়েছিল। সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক হোক ক্যারিবীয়দের নিজেদের মাঠ, ওয়ানডেতে ৩৪৪ রান সব সময়ই বড় লক্ষ। তার ওপর প্রতিপক্ষ বোলারদের মধ্যে কেউ যদি ইমরান তাহিরের মতো জ্বলে ওঠেন, তাহলে তো কথাই নেই!
দক্ষিণ আফ্রিকার এই লেগ স্পিনারই পরশু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন। ৪৫ রান দিয়ে তুলে নেন ৭ উইকেট। দক্ষিণ আফ্রিকার ৩৪৩ রানের জবাবে ২০৪ রানে অলআউট হয়ে ১২ ওভার বাকি থাকতে ১৩৯ রানে হার মেনে নেয় স্বাগতিকেরা।
ওয়ানডেতে এক ম্যাচে ৭ বা তার বেশি উইকেট পাওয়া মাত্র দশম বোলার তাহির। দক্ষিণ আফ্রিকার পক্ষে ওয়ানডেতে এখন পর্যন্ত এটিই সেরা বোলিং। আগের রেকর্ডটি ছিল কাগিসো রাবাদার, করেছিলেন বাংলাদেশের বিপক্ষে গত বছর। সেন্ট কিটসে ৭ উইকেট নিয়ে আরও একটি রেকর্ড হয়েছে তাহিরের। দক্ষিণ আফ্রিকার পক্ষে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ ওয়ানডে উইকেটের মালিক এখন তিনিই। আগের রেকর্ডটি ছিল মরনে মরকেলের দখলে।
ম্যাচ শেষে তাহিরের কণ্ঠে আনন্দের অনুরণন, ‘আজ (পরশু) সবকিছু যেভাবে আমার হয়ে কাজ করল, আসলেই আমি কৃতজ্ঞ। গোটা দলের চেষ্টাটা ছিল অসাধারণ এবং সেটার অংশ হতে পেরে আমার খুবই ভালো লাগছে।’ প্রোটিয়া লেগ স্পিনার তার কৃতিত্ব দিয়েছেন মূলত দলের ব্যাটসম্যানদের, ‘ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে বড় একটা রান দেওয়ায় আমি ইচ্ছেমতো বল করার স্বাধীনতা পেয়েছি। তারা আমাদের এমন একটা জায়গায় নিয়ে গেছে, যেখান থেকে বোলাররা যা ইচ্ছা তাই করতে পেরেছে।’
লক্ষ্য বড় থাকলে প্রতিপক্ষের ব্যাটসম্যানরাও চেষ্টা করে বোলারদের ওপর চড়াও হতে, ভালো বলেও মেরে খেলতে। ক্যারিবীয় ব্যাটসম্যানদের আক্রমণাত্মক হয়ে ওঠার সে চেষ্টাটাও কাজে লাগিয়েছেন তাহির, ‘আমরা জানি তারা আক্রমণাত্মক খেলোয়াড়। আর কেউ আপনাকে আক্রমণ করতে চাইলে সুযোগ তৈরি হবেই।’ এএফপি, ক্রিকইনফো।