ওয়ার্নারকে এঁকে পুরস্কার

ক্রিকেট তাঁকে অনেক কিছু দিয়েছে। বিশ্বকাপ জিতেছেন, জিতেছেন অ্যাশেজ। পেয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটে সবচেয়ে মর্যাদার ব্যক্তিগত পুরস্কার অ্যালান বোর্ডার পদক। এমনকি একবার অস্ট্রেলিয়ার ‘বর্ষসেরা স্পোর্টস ড্যাড’, মানে ক্রীড়াবিদদের মধ্যে সেরা বাবার স্বীকৃতিও পেয়েছেন ডেভিড ওয়ার্নার। এবার অস্ট্রেলিয়ান ওপেনার নিজেই একটা পুরস্কারের বিষয়বস্তু হয়ে গেলেন। তাঁকে নিয়ে আঁকা একটি ক্যারিকেচার জিতেছে এ বছর অস্ট্রেলিয়ার বিখ্যাত বাল্ড আর্চি পুরস্কার।
ক্যারিকেচার ও কমিক চিত্রকলার জন্য এ পুরস্কারটি দেওয়া হয়। ১৯৯৪ সালে যাত্রা শুরুর পর এটি বেশ জনপ্রিয়তাও পায় অস্ট্রেলিয়ার চিত্রশিল্পীদের মধ্যে। এ বছর ওয়ার্নারের ক্যারিকেচার এঁকে এই পুরস্কার জিতেছেন মেইটল্যান্ডের চিত্রশিল্পী জেমস ব্রেনান। এর আগেও যিনি দুবার বাল্ড আর্চি পুরস্কার জিতেছেন।
ক্যারিকেচারে দেখা যাচ্ছে, হাস্যোজ্জ্বল ওয়ার্নার তাঁর প্রিয় স্কয়ার কাট খেলছেন। বিষয় হিসেবে ওয়ার্নারকে বেছে নেওয়ার কারণটাও বলেছেন ব্রেনান, ‘ও যেভাবে ক্রিকেট খেলে, সেটা আমার খুব পছন্দ। যেভাবে সে ব্যাটিং করে, ফিল্ডিং করে। ও খুবই আনন্দদায়ক ও আগ্রাসী। লাঞ্চের আগেই সে সেঞ্চুরি করে ফেলতে পারে। ওর ব্যাটিংয়ের সময় গ্যালারি যে আনন্দে থাকে, সেটা দেখতে ভালো লাগে। বেশির ভাগ গ্যালারির দৃশ্যটাই তো এর উল্টো।’
অস্ট্রেলিয়ান কোনো ক্রিকেটারের ক্যারিকেচার এঁকে বাল্ড আর্চি পুরস্কার জেতার ঘটনা কিন্তু এটাই প্রথম নয়। ২০১৪ অ্যাশেজের নায়ক মিচেল জনসনকে নিয়ে আঁকা একটি ক্যারিকেচার এই পুরস্কার জিতেছিল। ১৯৯৮ সালে জিতেছিল কিংবদন্তি শেন ওয়ার্নের মাঠের বাইরের জীবন নিয়ে আঁকা একটি ছবিও। ক্রিকেট অস্ট্রেলিয়া।