ওয়ার্নারদের চুক্তি নিয়ে নতুন ঝামেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন-ভাতার চুক্তি নিয়ে বোর্ডের সঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ঝামেলাটা শেষ হওয়ার কোনো লক্ষণই যেন দেখা যাচ্ছে না। চুক্তিতে সই করার জন্য ওয়ার্নার-স্মিথদের ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কিন্তু ক্রিকেটারদের সই করার সম্ভাবনাই এখনো খুব কম। ব্যাপারটা আরও জটিল হয়ে যাচ্ছে নিজেদের ইমেজ স্বত্ব নিজেদের হাতেই নিয়ে নেওয়ার লক্ষ্যে ক্রিকেটাররা একটা কোম্পানি চালু করার ঘোষণা দেওয়ায়।
ক্রিকেটাররা বলতে, তাঁদের সংগঠন এসিএ (অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন) গতকাল ঘোষণাটা দিয়েছে। ‘দ্য ক্রিকেটার্স ব্র্যান্ড’ নামের প্রস্তাবিত কোম্পানিটি খেলোয়াড়দের ইমেজ স্বত্ববিষয়ক সব ব্যাপারই দেখভাল করবে, যা এত দিন দেখভাল করত ক্রিকেট অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক পর্যায়ে অস্ট্রেলিয়াকে প্রতিনিধিত্ব করা ছেলে ও মেয়েদের দলের প্রায় সব ক্রিকেটারই প্রস্তাবিত কোম্পানির চুক্তিতে সই করেছেন। চুক্তি অনুযায়ী ক্রিকেটারদের নাম, কণ্ঠ, স্বাক্ষর, ট্রেডমার্ক, ছবি, এমনকি পারফরম্যান্সের স্বত্বও নতুন কোম্পানিটি দেখভাল করবে।
কেন এই কোম্পানি চালু করার সিদ্ধান্ত? বোর্ডকে নিজেদের ক্ষমতার দাপট দেখানো? এসিএ প্রধান অ্যালিস্টার নিকোলসন এমন আলোচনা উড়িয়ে দিচ্ছেন। বরং ৩০ জুনের মধ্যে বোর্ডের সঙ্গে চুক্তির এ অচলাবস্থা না কাটলে সে ক্ষেত্রে ক্রিকেটারদের আয়ের সুরক্ষা দিতেই এই সিদ্ধান্ত। ‘এটা আসলে ৩০ জুনের পর কী হতে পারে, তা বিবেচনায় নিয়ে একটা স্থিরতা নিয়ে আসার চেষ্টা। (খেলোয়াড়দের আয় নিয়ে) অনিশ্চয়তা দূর করার জন্য এটাকে আমাদের কাছে দরকারি ও গঠনমূলক উপায়ই মনে হচ্ছে’—বলেছেন নিকোলসন।
বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের ঝামেলাটা বোর্ডের প্রস্তাবিত নতুন চুক্তি ঘিরে। এতে ক্রিকেটারদের মোট আয় প্রায় ৩৫ শতাংশ বাড়বে, তবুও বোর্ডের আয়ের তুলনায় খেলোয়াড়দের বেতন-ভাতা নিতান্তই কম মনে করছে এসিএ। খেলোয়াড়দের বেশি আপত্তি রাজস্বের অংশ নিয়ে। ১৯৯৭ সাল থেকে চলে আসা বর্তমান চুক্তিতে রাজস্বের একটা অংশ পান ক্রিকেটাররা। তৃণমূলের ক্রিকেটে অনুদান আরও বাড়াতে এবার এতে একটু বদল আনতে চাইছে বোর্ড। তাদের প্রস্তাব, শুধু আন্তর্জাতিক ক্রিকেটাররাই বাড়তি রাজস্বের ভাগ পাবেন, ঘরোয়া ক্রিকেটাররা পাবেন একটা নির্দিষ্ট অঙ্ক।
কিন্তু স্মিথ-ওয়ার্নাররা ঘরোয়া লিগের ক্রিকেটারদের জন্যও লড়ে যাচ্ছেন। এ নিয়েই চলছে অচলাবস্থা। ৩০ জুনের মধ্যে নতুন চুক্তিতে সই না করলে বর্তমান চুক্তি শেষে ক্রিকেটারদের আর বেতন দেবে না বোর্ড। ক্রিকেটাররাও অবস্থা না বদলালে চুক্তি সই করবেন না জানিয়ে দিয়েছেন। সিডনি মর্নিং হেরাল্ড।