ওয়ার্নার–স্মিথ–কামিন্সরা আসছেন না বাংলাদেশ সফরে

অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার।ফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী আগস্টে টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। সে সফরে আসছেন না ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, প্যাট কামিন্সসহ আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। আজ ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে। সেখানে ওয়ার্নার, স্মিথ, কামিন্স ছাড়াও গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, কেন রিচার্ডসন, ঝাই রিচার্ডসনদের মতো ক্রিকেটাররা নেই।

স্মিথ থাকছেন না কনুইয়ের চোটে পড়ে। বাকিরা ব্যক্তিগত কারণ দেখিয়ে এই দুই সফর থেকে নিজেদের সরিয়ে রেখেছেন।

অস্ট্রেলিয়ার নির্বাচক ট্রেভর হানস অবশ্য কিছুটা হতাশ খেলোয়াড়দের সফর থেকে সরে যাওয়ার সিদ্ধান্তে, ‘স্বাভাবিকভাবেই কিছুটা হতাশ যে এমন সব খেলোয়াড়দের ছাড়াই সফর দুটিতে যেতে হবে আমাদের। তবে আমরা খেলোয়াড়দের সিদ্ধান্ত কে সম্মান জানাই। করোনার এই সময় যেকোনো সফর স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের ওপর বাড়তি চ্যালেঞ্জ হয়ে আসে।’

তবে তারকা খেলোয়াড়দের অনুপস্থিতি যে অন্যদের জন্য কিছু করে দেখানো সুযোগ, সেটি বলতে ভোলেননি হানস, ‘এটা নতুনদের জন্য বড় সুযোগও। এই সফরে ভালো খেলে তারাও বছরের শেষে টি–টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলীয় দলে আসার যোগ্যতা প্রমাণ করতে পারে।’

করোনার কারণে ভারতে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় মে মাসে সবচেয়ে বেশি বিপাকে পড়েছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটাররা। করোনা উপদ্রুত ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া আকাশপথে যোগাযোগ বন্ধ করে দেওয়ায় ডেভিড ওয়ার্নার, ঝাই রিচার্ডসন, গ্লেন ম্যাক্সওয়েলরা মালদ্বীপ হয়ে দেশে ফেরেন। মালদ্বীপে কোয়ারেন্টিনে থাকার পর অস্ট্রেলিয়াতে ফিরেও ১৪ দিন কোয়ারেন্টিন করতে হয় তাদের।

মালদ্বীপে ১০ দিন কাটানোর পর তারা ক্যানবেরার বিমানে চড়ার সুযোগ পান।

বাংলাদেশ সফরে থাকছেন না প্যাট কামিন্সও।
ফাইল ছবি

অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, ওয়েস অ্যাগার, জ্যাসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিস্টিয়ান, জশ হ্যাজলউড, মইসিস হেনরিকস, মিচেল মার্শ, বেন ম্যাকডারমট, রিলে মেরেডিথ, জশ ফিলিপস, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।

রিজার্ভ: নাথান ইলিস ও তানভীর সাংঘা