ওয়ার্নারের কাছেই হারল নিউজিল্যান্ড

ডেভিড ওয়ার্নারের রানটাই করতে পারল না নিউজিল্যান্ড। অস্ট্রেলীয় ওপেনার করেছেন ১৫৬ রান, নিউজিল্যান্ডের সব ব্যাটসম্যান মিলিয়ে করেছেন তার চেয়েও ৯ রান কম।
চ্যাপেল-হ্যাডলি সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে কিউইদের হারের ব্যবধান ১১৭ রান! প্রথম ওয়ানডেতে ৬৮ রানে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে কেন উইলিয়ামসনের দল হেরেছিল ১১৬ রানে। কাল হলো ধবলধোলাই!
দায়টা কিউই ব্যাটসম্যানদেরই। লক্ষ্যটা এ যুগে খুব বেশি নয়—২৬৫। সেটি তাড়া করতে নেমে যেন তাড়াহুড়ো পেয়ে বসেছিল গাপটিল-উইলিয়ামসনদের। ইনিংস টেনে বড় করতে পারলেন না কেউই। ছয়জন ব্যাটসম্যান পেরিয়েছেন দুই অঙ্ক, কিন্তু সর্বোচ্চ স্কোর গাপটিলের ৩৪! অস্ট্রেলীয় পেসারদেরও কৃতিত্ব দিতে হবে, কালকের ৮টিসহ তিন ম্যাচে নিউজিল্যান্ডের ২৬ উইকেটই তুলে নিয়েছেন স্টার্ক-হ্যাজলউডরা।
পেসারদের ঝড়ের আগে কাল মেলবোর্ন দেখেছে ডেভিড ওয়ার্নারের ব্যাটের ঝড়। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কালও তিন অঙ্কের দেখা পেয়েছেন। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে অস্ট্রেলিয়ান ওপেনার ১২৮ বলে করেন ১৫৬ রান। বছরে ২৩ ওয়ানডেতে ওয়ার্নারের এটি সপ্তম সেঞ্চুরি। বছরে সেঞ্চুরির রেকর্ডে যা দ্বিতীয় (সৌরভ গাঙ্গুলীর সঙ্গে যৌথভাবে)। সবার ওপরে শচীন টেন্ডুলকার, ১৯৯৮ সালে ভারতীয় কিংবদন্তি করেছিলেন ৯টি সেঞ্চুরি।
ওয়ার্নার ছাড়া অস্ট্রেলিয়ার বাকি ব্যাটসম্যানদেরও অবস্থা ছিল কিউইদের মতো। দ্বিতীয় সর্বোচ্চ ট্রাভিস হেডের ৩৭। তাতে কী, ওয়ার্নারকেই যে পেরোতে পারেনি নিউজিল্যান্ড। সূত্র: স্টার স্পোর্টস।
সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৬৪/৮ (ওয়ার্নার ১৫৬, হেড ৩৭, বেইলি ২৩; বোল্ট ৩/৪৯)। নিউজিল্যান্ড: ৩৬.১ ওভারে ১৪৭ (গাপটিল ৩৪, ল্যাথাম ২৮, মানরো ২০; স্টার্ক ৩/৩৪)।
ফল: অস্ট্রেলিয়া ১১৭ রানে জয়ী।