টেস্টে ১৪৩ বলে ১৪৪ রান। ডেভিড ওয়ার্নারের ইনিংসটি যে ভালো ছিল সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু ইনিংসটা আসলে কেমন ছিল? যে ইনিংসে ভর করে ১৬৫ রানে পিছিয়ে থেকেও শেষ দুই দিনেই মেলবোর্ন টেস্ট জয়ের আশা করছে অস্ট্রেলিয়া!
স্ট্রাইক রেট দেখে বিভ্রান্ত হবেন না, ওয়ার্নারের ইনিংসটি শিল্পীর সৌন্দর্যে নয়, শ্রমিকের ঘামে গড়া। পাকিস্তানি পেসারদের বল মাঝেমধ্যেই কাঁপিয়ে দিয়েছে। মাঝেমধ্যেই সোহেল, রিয়াজদের বল ব্যাটের কানা ছুঁয়ে গেছে অস্ট্রেলীয় ওপেনারের। কিন্তু খানিক পরেই দুর্দান্ত এক শটে সেসব ঝেড়ে ফেলে গড়েছেন তাঁর ইনিংস। অফ সাইডে ওয়ার্নার যাতে রান নিতে না পারেন সে জন্য ফিল্ডিং সাজিয়েছে পাকিস্তান, সব পরিকল্পনা ব্যর্থ করে দিয়ে ৯৯ রান নিয়েছেন মাঠের ওই দিকটাতেই।
সেঞ্চুরিয়ান ওয়ার্নার আউট হলেও অপরাজিত আছেন সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকা উসমান খাজা। দ্বিতীয় উইকেটে ওয়ার্নার-খাজার ১৯৮ রানেই ম্যাচে ফিরে এসেছে অস্ট্রেলিয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ, দুজনই রান তুলেছেন ওয়ানডে মেজাজে। জুটির সেঞ্চুরি পূর্ণ হয়েছিল ১০৯ বলেই! বৃষ্টিতে প্রথম দুই দিনের প্রায় অর্ধেক নষ্ট হওয়ার পর এমন ঝোড়ো শুরুই দরকার ছিল অস্ট্রেলিয়ার।
এর আগে ৪৪৩ রানে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। এক বছরে দুটি ডাবল সেঞ্চুরির পাকিস্তানি রেকর্ড গড়া ওপেনার আজহার আলী অপরাজিত ছিলেন ২০৫ রানে। সূত্র: সিডনি মর্নিং হেরাল্ড।
স্কোরকার্ড
পাকিস্তান ১ম ইনিংস
(দ্বিতীয় দিন শেষে ৩১০/৬; আজহার ১৩৯*, আমির ২৮*)
রান বল ৪ ৬
আজহার অপরাজিত ২০৫ ৩৬৪ ২০ ০
আমির ক ওয়েড ব স্টার্ক ২৯ ২৭ ৬ ০
সোহেল রানআউট ৬৫ ৬৫ ৬ ৪
রিয়াজ ক ও ব হ্যাজলউড ১ ৫ ০ ০
অতিরিক্ত (বা ৪, লেবা ৯, ও ৫, নো ১) ১৯
মোট (১২৬.৩ ওভারে, ৯ উইকেট ডি.) ৪৪৩
উইকেট পতন: ৬-২৬৮, ৭-৩১৭, ৮-৪৩৫, ৯-৪৪৩।
বোলিং: স্টার্ক ৩১-৬-১২৫-১ (ও ১), হ্যাজলউড ৩২.৩-১১-৫০-৩, বার্ড ৩৪-৫-১১৩-৩ (নো ১), লায়ন ২৩-১-১১৫-১, স্মিথ ৩-০-৯-০, ম্যাডিনসন ৩-০-১৮-০।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস
রেনশ ব ইয়াসির ১০ ৪০ ১ ০
ওয়ার্নার ক সরফরাজ ব রিয়াজ ১৪৪ ১৪৩ ১৭ ১
খাজা ব্যাটিং ৯৫ ১৫২ ১৩ ০
স্মিথ ব্যাটিং ১০ ২৩ ২ ০
অতিরিক্ত (বা ১, লেবা ৮, নো ১০) ১৯
মোট (৫৮ ওভারে, ২ উইকেটে) ২৭৮
উইকেট পতন: ১-৪৬, ২-২৪৪।
বোলিং: আমির ১৪-২-৪৪-০, সোহেল ১২-৪-৪০-০, ইয়াসির ১৬-০-৯৭-১, রিয়াজ ১৪-২-৭৭-১ (নো ১০), আজহার ২-০-১১-০।