ওয়ার্নারের প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার

আয়োজকেরা খুশি, খুশি সম্প্রচারকারীরাও। অ্যাডিলেডে ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টের পর সেটির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন দুই দলের অধিনায়ক স্টিভ স্মিথ ও ব্রেন্ডন ম্যাককালামও। কিন্তু বাকি খেলোয়াড়দের মতও কি তাঁদের মতো? ডেভিড ওয়ার্নারের কথা শুনে সেটি মনে হচ্ছে না।
অস্ট্রেলিয়ান ওপেনারের মতে, দিবারাত্রির টেস্ট আয়োজনের পেছনে খেলোয়াড়দের কথা যতটা না ভাবা হয়েছে, তার চেয়ে বেশি ভাবা হয়েছে ব্যবসায়িক স্বার্থের কথা। ওয়ার্নার তাই প্রশ্ন তুলেছেন, ‘খেলাটা যেভাবে দীর্ঘদিন ধরে চলে আসছে, আমরা কেন সেটা বদলাচ্ছি? আমরা সবাই তো জানি, দিন শেষে এটা কেন করা হচ্ছে, এর মাধ্যমে তারা কী পেতে চাচ্ছে। দিন শেষে এটা ব্যবসা এবং খেলোয়াড়দেরও এটা মেনে নিতে হবে।’
দিবারাত্রির টেস্টে খেলোয়াড়দের সবচেয়ে উদ্বেগ ছিল গোলাপি বল নিয়ে। খেলোয়াড়দের অনেকেই সব সময় বল ঠিকঠাক দেখছিলেন না বলে কথাও উঠেছে। যেটির সমর্থন পাওয়া গেল ওয়ার্নারের কথাতেও, ‘এই বলটা নিয়ে আরও কিছু কাজ করতে হবে।’
অ্যাডিলেড টেস্টের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) একটি জরিপেও গোলাপি বল নিয়ে উদ্বেগের ব্যাপারটাই উঠে এসেছে। ২২ জন খেলোয়াড়ের ২০ জন সেই জরিপে অংশ নিয়েছেন, যাঁদের ৮০ শতাংশ বলেছেন লাল বলের চেয়ে গোলাপি বল বিশেষ করে রাতের বেলায় বেশি সুইং করেছে। ৭০ শতাংশ খেলোয়াড় বলেছেন, ব্যাটিংয়ের সময় কিংবা সন্ধ্যায় ফিল্ডিংয়ের সময় বল দেখাটা সহজ ছিল না তাঁদের জন্য। ৮৫ ভাগ খেলোয়াড় বলেছেন, খেলাটা দিবারাত্রির হওয়ায় ম্যাচের দৈর্ঘ্যে সেটির প্রভাব পড়েছে। এএফপি, ক্রিকইনফো।