ওয়ার্নারের যে ছবিটা মন খারাপ করাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিডনিতে চলার পথে ‘শ্যাডো’ করছেন ওয়ার্নার। ছবি: টুইটার
সিডনিতে চলার পথে ‘শ্যাডো’ করছেন ওয়ার্নার। ছবি: টুইটার

বল বিকৃতির দায়ে ১২ মাসের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন ডেভিড ওয়ার্নার। বোর্ডের দেওয়া সাজা বলে আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, ঘরোয়া ক্রিকেটেও খেলার সুযোগ নেই। একজন পেশাদার ক্রিকেটারের জন্য ভয়াবহ এক শাস্তি এটা। ক্রিকেট খেলাটার অভাব যে তাঁকে কত পোড়াচ্ছে, সেটা বোঝা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ছবিতে। সিডনির রাস্তায় বাতাসে ব্যাটিং করতে করতে হাঁটতে দেখা গেছে ওয়ার্নারকে। 

গতকালই হাস্যমুখী ওয়ার্নারের দেখা মিলেছিল। স্ত্রী ক্যান্ডিস ইনস্টাগ্রামে ছবি দিয়েছেন পরিবারের সবার। ছবি দেখিয়ে বোঝাতে চেয়েছিলেন, তাঁরা ভালোই আছেন। ক্রিকেটবিহীন সময়টাও উপভোগ করেছেন ওয়ার্নার। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তির ১৪ লাখ ডলার কিংবা আইপিএলের ১২ কোটি রুপি হাতছাড়া হয়ে যাওয়া তাঁরা ভুলছেন স্বপ্নের বাড়ি বানিয়ে।
চাপা কষ্ট কি আর লুকিয়ে রাখা যায়? ডেইলি মেইল-এর দাবি, দুই কন্যা আইভি ও ইন্ডিকে নাচের ক্লাসে নিয়ে যাচ্ছিলেন ওয়ার্নার ও ক্যান্ডিস। ওই সময়ই পথচলার এক মুহূর্তে অদৃশ্য ব্যাট হাতে বাতাসে ক্রিকেট খেলতে দেখা গেছে ওয়ার্নারকে। ক্রিকেটবিহীন একটি মৌসুম কাটানো তাঁর পক্ষে যে কত কঠিন হবে, এতেই বোঝা যাচ্ছে।
বল বিকৃতির ঘটনায় ওয়ার্নারের মতোই ১২ মাসের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন স্টিভ স্মিথ। ৯ মাস নিষিদ্ধ থাকবেন ক্যামেরন ব্যানক্রফট। ওয়ার্নারের এ ছবি দেখার পর তাই সমর্থকদের প্রশ্নটা আবার নতুন করে জেগেছে, শাস্তিটা কি একটু বেশিই দেওয়া হলো তাঁদের?