ওয়ার্নারের সংশয়, পক্ষে গেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃত্রিম আলোয় গোলাপি বলে টেস্ট ম্যাচের ভবিষ্যৎ কী? এর পক্ষে-বিপক্ষে দুই রকম মতই আছে। ক্রিস গেইল যেমন দিবারাত্রির টেস্টকে স্বাগত জানাচ্ছেন। তবে ডেভিড ওয়ার্নার গোলাপি বলের ভবিষ্যৎ নিয়ে তত আশাবাদী নন।
গত বছর নিউজিল্যান্ডের সঙ্গে অ্যাডিলেড টেস্টের পর ক্রিকেট অস্ট্রেলিয়া এখন দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের সঙ্গে সিরিজেও দিবারাত্রির টেস্ট আয়োজন করতে চাইছে। কিন্তু দক্ষিণ আফ্রিকা অনেক ক্রিকেটারই রাজি নন। অস্ট্রেলিয়ার টেস্ট সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার সরাসরি না বলেননি, তবে তাঁর চাওয়া সঠিক বল, ‘এ ব্যাপারটা দারুণ, দেখার জন্যও ভালো। কিন্তু আমরা যারা খেলি, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঠিক বলে খেলা।’
গোলাপি বল নিয়ে নিজের উৎকণ্ঠা কেন সেটিরও ব্যাখ্যা দিয়েছেন ওয়ার্নার, ‘লাল বল না হলে সেটা নিয়ে প্রশ্ন উঠবেই। লাল বলের মতো গোলাপি বলে ঔজ্জ্বল্য ধরে রাখা কঠিন। আর আপনি লাল বলটা কতটা ভালোভাবে কাজে লাগাতে পারছেন টেস্ট ক্রিকেট মানে কিন্তু সেটাই। সুইং পাওয়াটাও বড় ব্যাপার, গোলাপি বলে সেটা আপনি করতে পারবেন না, কারণ সেটিতে ঔজ্জ্বল্য থাকে না।’ মাঝেমধ্যে গোলাপি বল দেখতে সমস্যা হচ্ছে বলেও জানিয়েছেন, ‘আলো-আঁধারির সময় বল দেখা কঠিন। বাউন্ডারিতে যারা আছে, বলটা দেখতে তাদের সমস্যা হয়।’
ওয়ার্নারের চোখে গোলাপি বলের আরও একটা সমস্যা ধরা পড়েছে, ‘গত বছর যে বলটা ব্যবহার করা হয়েছিল, তাতে সিম দেখাই যায়নি। ব্যাটসম্যানদের জন্য সেটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বল কোন দিকে সুইং করতে পারে সেটা তাতে বোঝা যায়।’
ওয়ার্নারের অবশ্য ফ্লাডলাইটে খেলতে আপত্তি নেই। আর ক্রিস গেইল তো দিবারাত্রির টেস্ট সফল না হওয়ার কোনো কারণই দেখছেন না, ‘দর্শকদের জন্য পরিস্থিতিটা অন্য রকম। কিন্তু এটি মেনে না নেওয়ার কোনো কারণই আমি দেখি না। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের মতো এটাও জনপ্রিয় না হওয়ার কোনো কারণ নেই।’ এএফপি, রয়টার্স।