ওয়ার্নের অস্ট্রেলিয়া একাদশে স্মিথেরই জায়গা নেই
৮ ম্যাচে ১৫২ রান। কোনো ফিফটি নেই, সর্বোচ্চ ইনিংস ৩৯ রানের। স্ট্রাইক রেটও এমন আহামরি কিছু নয়—১১২.৫৯।
সর্বশেষ আইপিএলে স্টিভ স্মিথের পারফরম্যান্সের সংক্ষিপ্ত খতিয়ান এটি। অস্ট্রেলিয়ার হয়েও সর্বশেষ ১০ ইনিংসে ফিফটি মাত্র একটি, এর বাইরে চল্লিশোর্ধ্ব ইনিংস দুটি।
ব্যাট হাতে ফর্মটা খুব একটা ভালো যাচ্ছে না স্মিথের। সেটির প্রভাবই কি পড়েছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের ভাবনায়? বিশ্বকাপে অস্ট্রেলিয়ার একাদশ কেমন হতে পারে, সেটি নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন ওয়ার্ন। সে একাদশে জায়গা হয়নি স্মিথের!
তাহলে ওয়ার্নের একাদশে ব্যাটিং অর্ডারের তিনে কে খেলবেন? নামটা শুনে একটু চমকেই যেতে পারেন—মার্কাস স্টয়নিস! ৪ নম্বরে ওয়ার্ন রেখেছেন গ্লেন ম্যাক্সওয়েলকে।
টুইটে আজ অস্ট্রেলিয়ার একাদশ নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন ওয়ার্ন। তবে স্মিথ জায়গা না পেলেও আইপিএলের শেষ দিকে প্রায় পুরোটা সময় সানরাইজার্স হায়দরাবাদ দলের বাইরে থাকা ডেভিড ওয়ার্নের একাদশে ইনিংস উদ্বোধন করতে নামবেন।
আইপিএলের শুরুতে হায়দরাবাদের অধিনায়কই ছিলেন ওয়ার্নার। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে প্রথমে হায়দরাবাদের অধিনায়কত্ব থেকে ওয়ার্নারকে সরিয়ে দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয় নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসনকে। পরে একাদশ থেকেই বাদ দেওয়া হয় ওয়ার্নারকে।
তবে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার একাদশে ওয়ার্নারের জায়গা পাওয়া নিয়ে সংশয় দূর করে দিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক ফিঞ্চই। টুর্নামেন্টের আগে অধিনায়কদের সংবাদ সম্মেলনে ফিঞ্চ বলেই দিয়েছেন, ‘বছরের পর বছর ধরে আমরা দেখেছি ও (ওয়ার্নার) যখন আন্তর্জাতিক দলগুলোর বিপক্ষে খেলে, আরও ভালো খেলে। ওর বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। এ নিয়েও আমার কোনো সংশয় নেই যে বিশ্বকাপে প্রথম ম্যাচের আগেই ও পুরোপুরি তৈরি থাকবে।’
ওয়ার্নের পছন্দের একাদশে উদ্বোধনী জুটিতে ওয়ার্নারের সঙ্গী অ্যারন ফিঞ্চ। এরপর তিন-চারে স্টয়নিস ও ম্যাক্সওয়েলের পর ৫ নম্বরে ওয়ার্ন রেখেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান জশ ইংলিশকে।
৬ নম্বরে অবশ্য ওয়ার্ন সরাসরি কোনো একজনকে বেছে নেননি। টুইটে লিখেছেন, ‘(ড্যান) ক্রিস্টিয়ান / অ্যাশটন অ্যাগার (উইকেট ও পরিবেশ বিবেচনা করে)।’
এরপর দুই ফাস্ট বোলার প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে রেখে লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে দলে রেখেছেন ওয়ার্ন। আর সবার শেষে আবারও তিনজনের মধ্য থেকে পরিস্থিতি বিবেচনায় যেকোনো একজনকে বেছে নেওয়ার কথা লিখেছেন। সেই তিনজন হলেন ন্যাথান এলিস/ ঝাই রিচার্ডসন/ জশ হ্যাজলউড।
অস্ট্রেলিয়ার একাদশ নিয়ে নিজের ভাবনা জানানো টুইটের শুরুতে বিশ্বকাপের প্রথম দিনের দুই ম্যাচ নিয়ে উচ্ছ্বাস জানিয়েছেন ওয়ার্ন, ‘বাহ্! কী দারুণ শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের!’ এরপর নিজের পছন্দের অস্ট্রেলিয়া একাদশ জানিয়ে শেষে ওয়ার্ন জানতে চেয়েছেন অন্যদের মতামত, ‘আপনার অজি দল কেমন হবে? কারা জিতবে?’