ওয়ার্নের অ্যাম্বুলেন্সে ফুল নিয়ে ঢুকে পড়া এই জার্মান নারী কে
ময়নাতদন্ত প্রতিবেদন পেয়ে থাইল্যান্ড পুলিশ জানিয়েছে, ‘স্বাভাবিক কারণেই’ মারা গেছেন শেন ওয়ার্ন। শুক্রবার তাঁর মৃত্যুর পর দুই দিন পেরিয়ে গেলেও বিস্ময়ের ঘোর এখনো কাটেনি। ৫২ বছর বয়সেই কী বর্ণিল এক জীবনের পরিসমাপ্তি ঘটল!
স্পিন কিংবদন্তির মৃত্যু নিয়ে পুলিশি তদন্তে কোনো কিছুই বাদ রাখা হচ্ছে না। আর এই প্রক্রিয়াতেই বেরিয়ে এসেছে একটি তথ্য। ফক্স স্পোর্টস জানিয়েছে, ওয়ার্নের মৃতদেহ অ্যাম্বুলেন্সে তোলার পর একজন জার্মান নারী নিরাপত্তাব্যবস্থা লঙ্ঘন করে প্রায় আধা মিনিট সময় তাঁর সঙ্গে ছিলেন।
ভিডিওতে এই চিত্র ধরা পড়ার পর সেই নারীকে জিজ্ঞাসাবাদ করছে থাই পুলিশ।
ময়নাতদন্তের জন্য ওয়ার্নের মৃতদেহ বহনকারী অ্যাম্বুলেন্স ফেরিতে ওঠার পর ঘটনাটি ঘটে। সংবাদমাধ্যম জানিয়েছে, হাতে ফুলের তোড়া নিয়ে সেই নারী কর্তৃপক্ষকে জানান, ওয়ার্নকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন।
কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে চান ভেবে তাঁকে অ্যাম্বুলেন্সে ঢুকতে দেয় কর্তৃপক্ষ। প্রায় ৪০ সেকেন্ড সময় সেখানে অবস্থান করেন ওই নারী। ফেরির আশপাশে তখন স্থানীয় পুলিশ কিংবা অস্ট্রেলিয়ার কোনো অফিশিয়াল না থাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
থাইল্যান্ডের কোহ সামুইয়ে ছুটি কাটাতে গিয়ে সেখানেই হার্ট অ্যাটাকে মারা যান ওয়ার্ন। কোহ সামুই থেকে তাঁর মৃতদেহ মূল ভূখণ্ডে নিয়ে আসতে অ্যাম্বুলেন্সটি ফেরিতে তোলা হয়।
পন্টুনে ইমিগ্রেশন অফিশিয়ালদের সঙ্গে কথা বলেই ফেরিতে ওঠেন সোনালি চুলের সেই নারী। এ সময় তাঁর সঙ্গে একজন থাই নারীও ছিলেন। তিনিই কথা বলেন অফিশিয়ালদের সঙ্গে।
পুলিশের সঙ্গে ওই থাই নারী কী বলেছিলেন, সেটি প্রকাশ করেছে সংবাদমাধ্যম এবিসি, ‘হ্যাঁ, সে (জার্মান নারী) তাঁকে (ওয়ার্ন) চেনে। ধন্যবাদ, সে তাঁর বন্ধু।’
এরপর তাঁদের অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে যাওয়া হয়। চালকের জানালার কাছে গিয়ে সেই জার্মান নারী ফুলের তোড়া দেখান। চালক বের হয়ে অ্যাম্বুলেন্সের পাশের দরজা খুলে দেন। জার্মান নারীটি এরপর একাই অ্যাম্বুলেন্সে ঢুকে দরজা বন্ধ করে দেন। কোনো নিরাপত্তাকর্মী সে সময় তাঁর সঙ্গে ছিলেন না। এতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তিন বন্ধুকে নিয়ে কোহ সামুইয়ে এক ভিলায় উঠেছিলেন ওয়ার্ন। ময়নাতদন্ত করতে কোহ সামুই হাসপাতাল থেকে রোববার তাঁকে মূল ভূখণ্ডের বড় এক হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে দেরি হওয়াতেই ওয়ার্নের মৃতদেহ স্থানান্তর করতে দেরি হয়, জানিয়েছে হেরাল্ড সান।
থাইল্যান্ডের মূল ভূখণ্ডের সুরাত থানি শহরের হাসপাতালে ওয়ার্নের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
জার্মান ওই নারীর সঙ্গে কথা বলেছে পুলিশ। স্থানীয় পুলিশ স্টেশনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। থাই রয়্যাল পুলিশের উপদেষ্টা লে. জেনারেল সুরাচাত হাকপার্ন তদন্তের পর জানিয়েছেন, তিনি স্রেফ একজন ক্রিকেটভক্ত। এখানে (থাইল্যান্ডে) মারা যাওয়ায় কষ্ট পেয়েছেন। ফুল দিয়ে তাঁকে সম্মান জানাতে এসেছিলেন।
ওয়ার্নের মা ব্রিজিত একজন জার্মান। আর সেই জার্মান নারী কোহ সামুইয়ে বসবাস করেন। কিন্তু হাকপার্ন দাবি করেছেন, ওয়ার্নকে ওই নারী ব্যক্তিগতভাবে চিনতেন না। নিরাপত্তার জন্য হুমকি মনে না হওয়ায় তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি।
ওয়ার্নের ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে থাই পুলিশের মুখপাত্র কিষানা পাথানাচরণ বিবৃতিতে বলেছেন, তদন্তকারীরা আজ ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন। স্বাভাবিক কারণেই ওয়ার্নের মৃত্যু ঘটেছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই ময়নাতদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপ আইনজীবীদের কাছে উপস্থাপন করবেন তদন্তকারীরা।