ওয়ার্নের কাছে শচীন-সৌরভই সেরা, কোহলি-রোহিত নন
ইংল্যান্ডে ভারতের দুর্দান্ত পারফরম্যান্স প্রশংসা কুড়াচ্ছে সব জায়গা থেকেই। ম্যানচেস্টারে সিরিজের শেষ টেস্ট বাতিল হয়ে গেলেও চার টেস্ট শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। শুধু টেস্টই নয়, কোহলির এই দল প্রতিটি ফরম্যাটেই যেন অপ্রতিরোধ্য। অনেকের দৃষ্টিতেই ভারতের বর্তমান দলটা তাদের ইতিহাসের সেরা।
বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, ঋষভ পন্ত, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে—ভারতের ব্যাটিং লাইনআপ যেন তারার মেলা। এ তো গেল শুধু টেস্টের কথা। সীমিত ওভারের ক্রিকেটের কথা হিসাবে আনলে শিখর ধাওয়ান, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, শুভমান গিল, পৃথ্বী শ, মায়াঙ্ক আগারওয়ালরাও জাতীয় দলের ছত্রচ্ছায়াতেই আছেন। ভারতের এই লাইনআপকে বিশ্বের সেরাও বলা যেতে পারে।
তবে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের ভাবনাটা এমন নয়। ভারতের এই ব্যাটিং লাইনআপের অত প্রশংসা করতে রাজি নন তিনি।
তাঁর চোখে রোহিত-কোহলিদের এই লাইনআপের চেয়ে ভারতের সেই ব্যাটিং লাইনআপই বেশি ভীতিজাগানিয়া ছিল, যে লাইনআপের সঙ্গে খেলোয়াড়ি জীবনে নিয়মিত টেক্কা দিতে হতো ওয়ার্নদের।
হ্যাঁ, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দর শেবাগদের সেই লাইনআপের কথাই বলা হচ্ছে। যাঁদের একটা গালভরা নামও ছিল—‘ফ্যাব ফাইভ’। ওয়ার্নের মতে, কোহলিদের এই লাইনআপ প্রশংসা পাওয়ার যোগ্য ঠিকই, কিন্তু ভারতের ইতিহাসের সেরা লাইনআপের কথা বিবেচনা করলে শচীনরাই এগিয়ে থাকবেন।
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্ন বলেছেন, ‘কোহলি অবশ্যই পৃথিবীর সেরা ব্যাটসম্যান। কিন্তু আপনি যখন সেরা পাঁচ ব্যাটসম্যানের কথা বলেন, আপনার মাথায় শচীন, সৌরভ, লক্ষ্মণ, দ্রাবিড় ও শেবাগের কথাই আসবে। তাঁদের লাইনআপটা মন্দ ছিল না। আমার মনে হয় না কোহলিদের লাইনআপটা তার চেয়ে এগিয়ে।’
ওয়ার্নের চোখে কোহলিদের বর্তমান দলের মূল শক্তি তাঁদের ব্যাটিং লাইনআপ নয়, বরং দলটার পেস আক্রমণ।
সব কন্ডিশনে জেতার জন্য ভারত যে অকুতোভয় এক দল গড়ে তুলেছে, এর পেছনে পেসারদের অবদানই বড় করে দেখছেন ওয়ার্ন, ‘বিরাট কোহলি আর রোহিত শর্মা অসাধারণ দুজন পারফরমার। আরও কিছুদিন যাক, ঋষভ পন্তুও ওদের মতো তারকা হয়ে উঠবে। কিন্তু আমার মনে হয়, ভারতের এই দলকে অন্য উচ্চতায় উঠিয়েছে দলটার পেসাররা।’