ওয়ার্নের গায়ে ইংল্যান্ডের জার্সি
খেলোয়াড়ি জীবনে লেগ স্পিনে ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে ছেড়েছেন। শেন ওয়ার্ন এখন সমাদৃত বড় বড় টুর্নামেন্টে বেশির ভাগ সময়ে ঠিকঠাক অনুমান করার জন্য। তবে এবার অস্ট্রেলিয়া কিংবদন্তির একটি অনুমান ঠিক হয়নি। তাঁর অনুমান ছিল, ইংল্যান্ডের বিপক্ষে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াই জিতবে। শুধু তা-ই নয়, ইংল্যান্ডকে এগিয়ে রাখা সৌরভ গাঙ্গুলীর সঙ্গে এ নিয়ে বাজিও ধরে বসেছিলেন। নিজের দেশ বলে একটু আবেগ তো ছিলই! ভারতের সাবেক অধিনায়ক সৌরভ প্রস্তাব দিয়েছিলেন যিনি বাজিতে হারবেন তিনি একটি নৈশভোজ দেবেন। ওয়ার্ন ছিলেন আরেক কাঠি সরেস। শর্ত দিয়েছিলেন অস্ট্রেলিয়া জিতলে সৌরভকে তাদের জার্সি পরতে হবে। আর অস্ট্রেলিয়া হারলে ওয়ার্ন পরবেন ইংল্যান্ডের জার্সি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। স্বাগতিকদের সেই জয়ে সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। ওয়ার্নকে পরতে হয়েছে ইংল্যান্ডের জার্সি। জি নিউজ।