ওয়ার্নের চোখে ইংল্যান্ডের সেরা টেস্ট দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের পছন্দের গত ২৫ বছরের অস্ট্রেলিয়ার সেরা ওয়ানডে দল ও টেস্ট দল দিয়েছিলেন আগেই। সেই ধারাবাহিকতায় এবার গত ২৫ বছরের ইংল্যান্ড টেস্ট একাদশও বেছে নিলেন শেন ওয়ার্ন।
কাল নিজের ফেসবুক পেজে কিংবদন্তি লেগ স্পিনার যে ইংল্যান্ড দলটি দিয়েছেন তাতে খুব বেশি চমক আছে বলা যাবে না। ওপেনিংয়ে অ্যান্ড্রু স্ট্রাউস নেই, রেখেছেন মার্কাস ট্রেসকোথিককে। ওয়ার্ন নিজেই লিখেছেন, ‘স্ট্রাউসকে বাইরে রাখাটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল। সে সহজেই চলে আসতে পারত। কিন্তু শেষ পর্যন্ত ট্রেসকোথিককেই রাখলাম।’ প্রায় একই কথা বলেছেন গ্যাটিংকে ৫ নম্বরে রাখার কারণ হিসেবে, ‘এটাও কঠিন ছিল। ইয়ান বেল, গ্যাটিং, গ্রাহাম থর্প, নাসের হুসেইন—অনেকেই ছিলেন। কিন্তু গ্যাটিং সবার চেয়ে একটু এগিয়ে থাকেন।’
ওয়ার্ন ইংল্যান্ড দলটি বেছে নিয়েছেন ১৯৯০ থেকে। কিংবদন্তি ইংলিশ অলরাউন্ডার ইয়ান বোথামের ক্যারিয়ার শেষ হয়েছে ১৯৯২ সালের জুনে। তবে ওয়ার্ন বোথামকে দলে না রাখার কারণ হিসেবে বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমি ইয়ান বোথামের বিপক্ষে কোনো টেস্ট খেলিনি। নইলে তিনি অবশ্যই থাকতেন। আমার মতে, তিনি সর্বকালের সেরা অলরাউন্ডার।’
ওয়ার্নের সেরা ইংল্যান্ড টেস্ট দল
গ্রাহাম গুচ, মার্কাস ট্রেসকোথিক, মাইকেল ভন (অধিনায়ক), কেভিন পিটারসেন, মাইক গ্যাটিং, অ্যালেক স্টুয়ার্ট, অ্যান্ড্রু ফ্লিনটফ, স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, ড্যারেন গফ, জেমস অ্যান্ডারসন।