ওয়ার্নের জবাবে ওয়াহ
শেন ওয়ার্নের সঙ্গে তাঁর কোনো শত্রুতা ছিল না। শুধু দলীয় স্বার্থেই ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছিল! স্টিভ ওয়াহর দাবি, একজন অধিনায়ক হিসেবে সেটাই ছিল তাঁর করণীয়!
স্টিভ ওয়াহ এ কথা বলেছেন শেন ওয়ার্নের কথার জবাবে। দিন কয়েক আগে অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার বলেছিলেন স্টিভকে। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ককে পছন্দ করেন না, সেটিও বলে দিয়েছিলেন সোজাসাপ্টা। ১৭ বছর আগে টেস্ট দল থেকে তাঁর বাদ পড়ার ঘটনার উল্লেখ করে ইংল্যান্ডের এক রিয়েলিটি টেলিভিশন শো ‘আই অ্যাম এ সেলিব্রিটি, গেট মি আউট অব হেয়ারে’—সম্প্রতি উপস্থিত হয়ে স্টিভ ওয়াহকে মৌখিক আক্রমণ করে বসেন, ‘আমি যাদের সঙ্গে খেলেছি, তাদের মধ্যে সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার সে।’
ওয়ার্ন ও স্টিভের মধ্যকার দ্বন্দ্বটা সুবিদিত। কিন্তু ওয়ার্নের এমন মন্তব্যের পর কোনো জবাব দেবেন না বলেই সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়েছিলেন স্টিভ, ‘আমি কোনো উত্তর দিয়ে তার মন্তব্যের গুরুত্ব বাড়াতে চাই না।’ শেষ পর্যন্ত মুখ তিনি খুললেনই। ‘সত্যি বলতে, শুধু ওয়ার্নকেই নয়, দলের যে কারোরই দল থেকে বাদ পড়ার কথাটা তাকে জানানো কঠিন কাজ। অ্যাডাম ডেলকে তার বাদ পড়ার কথা বলাটা কঠিন ছিল, কঠিন ছিল গ্রেগ ব্লিউয়েট, অ্যান্ডি বিকেলকেও বলাটা। অনেক খেলোয়াড়কেই দল থেকে তার বাদ পড়ার কথা জানাতে হয়েছে আমাকে’—এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন স্টিভ।
এই অপ্রিয় কাজ করাটা স্টিভ ওয়াহর চোখে দায়িত্বের, ‘এমন কঠিন কাজ অধিনায়ককেই করতে হয়। আর এই জন্যই তো অধিনায়ক। মানুষও আশা করে দলের স্বার্থে অধিনায়ক কঠিন সিদ্ধান্ত নেবে।’ এএফপি।