ওয়ার্নের টেস্ট দলেও স্টিভ ওয়াহ নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্ন
ওয়ার্ন
ওয়ার্নের সেরা অস্ট্রেলিয়ান টেস্ট একাদশ
ম্যাথু হেইডেন, মাইকেল স্ল্যাটার, রিকি পন্টিং, মার্ক ওয়াহ, মাইকেল ক্লার্ক, অ্যালান বোর্ডার (অধিনায়ক), অ্যাডাম গিলক্রিস্ট, মিচেল জনসন, শেন ওয়ার্ন, রায়ান হ্যারিস, গ্লেন ম্যাকগ্রা।

দল নির্বাচনের নেশায় পেয়েছে শেন ওয়ার্নকে। আগের দিন গত ২৫ বছরের অস্ট্রেলিয়ার সেরা ওয়ানডে দল বেছে নিয়েছিলেন। কাল নিজের ফেসবুক পেজে কিংবদন্তি লেগ স্পিনার জানিয়ে দিলেন তাঁর চোখে অস্ট্রেলিয়ার সেরা টেস্ট একাদশ। এখানেই থামছেন না। ‘আসিতেছে’ ‘আসিতেছে’ ভঙ্গিতে গত ২৫ বছরের সেরা ইংল্যান্ড একাদশ এবং অ্যাশেজের সম্মিলিত একাদশ নির্বাচন করবেন বলেও জানিয়ে দিয়েছেন ওয়ার্ন।

ওয়ার্নের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু ১৯৯২ সালে। তিনি সময়সীমা নির্ধারণ করেছেন ১৯৯০ থেকে। এক অর্থে এটাই তাই তাঁর সময়েরই দল। ওয়ানডে দলে স্টিভ ওয়াহকে রাখেননি, টেস্ট দলেও নয়। খেলোয়াড়ি জীবনে স্টিভ ওয়াহর সঙ্গে অম্লমধুর সম্পর্ক এতে ভূমিকা রেখেছে কি না, এই প্রশ্ন আপনার মনে জাগতেই পারে।
ওয়ানডের মতো টেস্টেও ওয়ার্নের দলের অধিনায়ক অ্যালান বোর্ডার। বিবেচনাটা নিশ্চয়ই ব্যাটিং নেতৃত্বগুণ দুটি মিলিয়েই হয়েছে। নইলে ওয়ার্ন তো সব সময়ই বলে এসেছেন, তিনি যাঁদের অধিনায়কত্বে খেলেছেন, তাঁদের মধ্যে মার্ক টেলরই সেরা।
ওয়ানডে দলে না রাখলেও বন্ধু মাইকেল ক্লার্ককে রেখেছেন টেস্ট দলে। পাঁচ নম্বরে স্টিভ ওয়াহর পরিবর্তে মাইকেল ক্লার্ক অবশ্যই বিস্ময় জাগাবে অনেকের মনে। সবচেয়ে বড় বিস্ময় অবশ্য তাঁর সময়ের দারুণ সব ফাস্ট বোলারকে টপকে রায়ান হ্যারিসকে সেরা একাদশে রাখা। চোটের কাছে হার মেনে অকালে অবসর নেওয়া হ্যারিসের ২৭ টেস্টে মাত্র ১১৩ উইকেট। ব্রুস রিড, ব্রেট লি, ক্রেইগ ম্যাকডারমট, মার্ভ হিউজ ও জ্যাসন গিলেস্পিকে কীভাবে ভুলে গেলেন ওয়ার্ন? ভোলেননি। চারজন বোলার বেছে নেওয়া খুব কঠিন বলে স্বীকার করে এই নামগুলো বলেছেন ওয়ার্নই। ওয়ার্নের দলের বাকি তিন বোলার ম্যাকগ্রা, জনসন ও তিনি নিজে।
ব্যাটসম্যান হিসেবে যাঁদের বাদ দিতে খুব ভাবতে হয়েছে, জানিয়েছেন সেই নামগুলোও—ডেভিড বুন, ডেমিয়েন মার্টিন, মাইক হাসি ও স্টিভ ওয়াহ। যে নির্বাচনটি সবচেয়ে সহজ বলে অনুমিত, উইকেটকিপার হিসেবে সেই অ্যাডাম গিলক্রিস্টকে নিতেই নাকি সবচেয়ে বেশি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলেন ওয়ার্ন। কারণটাও ব্যাখ্যা করেছেন, ‘কিপিং পজিশনটা ছিল খুব কঠিন, কারণ আমার সময়ে যেকোনো দেশের উইকেটকিপারদের মধ্যে সেরা ছিলেন ইয়ান হিলি। দলে এত ব্যাটিং, গিলির ব্যাটিং কি আর দরকার আছে? প্রশ্ন ছিল এটাই। শেষ পর্যন্ত গিলিকেই বেছে নিলাম, কারণ ওর ব্যাটিং ছিল অতিপ্রাকৃত।’