ওয়ার্নের পর ইয়াসির প্রথম...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াসির যেন উঠছেন! ফাইল ছবি
ইয়াসির যেন উঠছেন! ফাইল ছবি

ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজের জন্য ডেকে আনা হয়েছিল মুশতাক আহমেদকে। সেই মুশতাক, যাঁর ঘূর্ণি–জাদুতেই ১৯৯৬ সালে লর্ডস টেস্ট জিতেছিল পাকিস্তান। ২০ বছর পর লর্ডসে আরেকটি টেস্ট জিতল পাকিস্তান, এবারও আরেক লেগ স্পিনার তাতে নায়ক। ইয়াসির শাহ। মিল থামেনি এখানেই, লর্ডস টেস্টের পারফরম্যান্স দিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন ইয়াসির; মুশতাকের পর প্রথম কোনো পাকিস্তানি তিনি! 

এক সপ্তাহেই বদলে গেল সবকিছু, এ যেন কোনো পণ্যের বিজ্ঞাপন! দায়িত্ব পেলেন, নিজের উত্তরসূরিকে দিলেন টোটকা, আর সেই টোটকা পেয়েই যেন মুশতাকের পথ অনুসরণ করেই উঠে এলেন টেস্ট বোলারদের শীর্ষে। শীর্ষে থাকা জেমস অ্যান্ডারসনের অনুপস্থিতি আর তাঁর দুর্দান্ত পারফরম্যান্স দুই মিলিয়েই ৪ থেকে ১ নম্বরে উঠে এলেন ইয়াসির।
১৯৯৬ সালের ডিসেম্বরে টেস্টে শীর্ষ বোলার হয়েছিলেন মুশতাক। এরপর পাকিস্তান দলে খেলেছেন কত বড় বড় তারকা—ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার, সাকলায়েন মুশতাক, সাঈদ আজমল। কিন্তু বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে পারেননি কেউই।
শুধু দেশের সীমারেখাতেই আটকে থাকছেন না ইয়াসির। ২০০৫ সালে শেন ওয়ার্নের পর এইও প্রথম শীর্ষ বোলার হলেন কোনো লেগ স্পিনার! আরেকটি দিক থেকে মুশতাক, ওয়ার্নদেরও ছাড়িয়ে গেছেন ইয়াসির। লর্ডসের ইতিহাসেই ম্যাচে ১০ উইকেট পাওয়া প্রখম স্বীকৃত লেগ স্পিনার ইয়াসির। সময়টি দারুণ যাচ্ছে এই পাকিস্তানি স্পিনারের।