ওয়ার্নের প্রশংসাপত্র নিয়ে তৈরি সোয়েপসন

শেন ওয়ার্নের প্রশংসাপত্র আছে। একজন লেগ স্পিনারের এরপর আর কী লাগে! কিংবদন্তি লেগ স্পিনারের প্রশংসাই হয়তো বাংলাদেশ সফরে ‘ব্যাগি গ্রিন’ ক্যাপ মাথায় তোলার স্বপ্ন দেখাচ্ছে মিচেল সোয়েপসনকে।
প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মাত্র ১৪টি। অস্ট্রেলিয়ার বিবেচনায় অভিজ্ঞতাটা ‘সামান্য’ই। তবে সেখানেই ৩২.৮২ গড়ে নিয়েছেন ৪১ উইকেট। একজন লেগ স্পিনারকে ওয়ার্নের চেয়ে ভালো আর কে চিনতে পারবেন! সোয়েপসনের মধ্যেও বিশাল সম্ভাবনা দেখলেন ওয়ার্ন। গত মার্চে অস্ট্রেলিয়ার ভারত সফরের আগে তাই কিংবদন্তি অস্ট্রেলিয়ান লেগ স্পিনার বলেছিলেন, সোয়েপসনকে দলে রাখা উচিত। পরামর্শ দিয়েছিলেন তাঁকে একাদশে রাখারও। দলে ঠিকই রাখা হয়েছিল সোয়েপসনকে।
ওয়ার্নের প্রশংসায় আপ্লুত হয়েছিলেন সোয়েপসন। সেই সময় মজা করে বলেছিলেন, দেখা হলে একটা বিয়ার খাওয়াবেন ওয়ার্নকে! তবে সেই সফরে অভিষেক হয়নি সোয়েপসনের। ২৩ বছর বয়সী এই লেগ স্পিনার এখন অপেক্ষায় আছেন বাংলাদেশ সফরের। দলের বাকি দুই স্পিনার নাথান লায়ন ও অ্যাশটন অ্যাগারের চেয়ে অভিজ্ঞতায় ঢের পিছিয়ে। এই বাস্তবতা মেনে নিয়েই স্বপ্ন দেখছেন সোয়েপসন, ‘আমি সবার শেষে দলে ঢুকেছি। বাকি দুজন স্পিনারই তাই আমার চেয়ে এগিয়ে আছেন। ওখানকার (বাংলাদেশের) উইকেট কেমন হবে বলা যাচ্ছে না। তাই একাদশে কে থাকবে আর থাকবে না, তা-ও বলা যাচ্ছে না। তবে টেস্ট খেলার প্রস্তুতি নিয়েই বাংলাদেশে যাব। খেলার সুযোগ পাব কি পাব না সেটা পরের ব্যাপার।’
ভারত সফরে টেস্ট খেলা না হলেও মনে রাখার মতো একটি অভিজ্ঞতা হয়েছে সোয়েপসনের। প্রথমবারের মতো পেয়েছিলেন ওয়ার্নের সান্নিধ্য। ওয়ার্নের সঙ্গে ১৫ মিনিটের কথোপকথন তাঁর জন্য এক বিশাল অভিজ্ঞতা, ‘আমি খুব বেশি কথা বলিনি। লেগ স্পিন নিয়ে তিনি গোটা দিনই কথা বলতে পারেন। আমার অ্যাকশন নিয়ে কিছু পরামর্শ দিয়েছেন। বোলিং করার মানসিকতা, শরীরী ভাষা—এ রকম বিষয়গুলো নিয়েই বেশি বলেছেন।’
প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ পরিসংখ্যান হলেও অনেক দিন ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে সোয়েপসন। সর্বশেষ ম্যাচটি খেলেছেন বিগ ব্যাশ লিগে, গত ২৫ জানুয়ারি। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বশেষ ম্যাচটি ছিল গত ডিসেম্বরে। এত দিন না খেলার পর দলে এসেই কি একাদশে জায়গা পাবেন? সোয়েপসনের আত্মবিশ্বাসে কিন্তু ঘাটতি নেই একটুও, ‘আমি জানি এটা লম্বা সময়। তবে গত মৌসুমের শেষ দিকে আর এ মৌসুম শুরুর আগে যে পরিশ্রম করেছি, তাতে একাদশে থাকলে নিজের সেরাটা দিতে আমি তৈরি।’ ক্রিকেট অস্ট্রেলিয়া।