ওয়ার্নের মন খারাপ ক্যারিবীয়দের দুর্দশায়

হোবার্ট টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে এক প্রকার উড়িয়েই দিয়েছে অস্ট্রেলিয়া। তিন দিনের মধ্যে ইনিংস আর ২১২ রানের হার ক্যারিবীয় ক্রিকেটকে ভাসিয়েছে লজ্জার সাগরে। সর্বশেষ ৯ টেস্টের ৭টিতেই ওয়েস্ট ইন্ডিজ দলের অসহায় আত্মসমর্পণ এক সময়ের মহাপরাক্রমশীল এই ক্রিকেট শক্তির ভবিষ্যৎকেই দাঁড় করিয়ে দিয়েছে বিরাট প্রশ্নের সামনে।
ক্যারিবীয় ক্রিকেটের এই দুরবস্থায় দুঃখিত অস্ট্রেলীয় স্পিন-জাদুকর শেন ওয়ার্ন। নিজেদের দেশের দুর্দান্ত এই জয়ে আনন্দিত হলেও তিনি সেই আনন্দটা যেন পুরোপুরি উপভোগ করতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজ দলের বাজে অবস্থা দেখে। এক টুইট বার্তায় তিনি বলেছেন, বিশ্ব ক্রিকেট একটি শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দলকেই চায়।’
গত মে মাসে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে তাদের সর্বশেষ টেস্টটি। এরপর থেকে হারই সঙ্গী তাদের। মাঠের হার-জিত ছাপিয়েও অভ্যন্তরীণ সমস্যাও ক্যারিবীয় ক্রিকেটকে যেন আষ্টেপৃষ্ঠেই বেঁধে ফেলেছে। টাকা-পয়সা নিয়ে বোর্ডের সঙ্গে বনিবনা নেই শীর্ষ ক্রিকেটারদের। ক্রিস গেইল, ড্যারেন স্যামি, আন্দ্রে রাসেল, ড্যারেন ব্রাভো, কাইরন পোলার্ডদের মতো ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজের মেরুন ক্যাপে খুব একটা আগ্রহবোধ করছেন না।
পৃথিবীর বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে ক্যারিবীয় ক্রিকেটারদের দারুণ চাহিদা হলেও ওয়েস্ট ইন্ডিজ দল এঁদের পাচ্ছে না—বিশৃঙ্খল এই পরিস্থিতিতে ক্রিকেট বিশ্বে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গেছে ক্যারিবীয় দ্বীপদেশগুলোর সংহতির প্রতীক এই ‘ওয়েস্ট ইন্ডিজ’ নামের ক্রিকেট দলটি আর কতদিন অস্তিত্ব নিয়ে টিকে থাকবে।
শেন ওয়ার্ন কখনোই চাননা ওয়েস্ট ইন্ডিজ নামটি ক্রিকেট দুনিয়া থেকে মুছে যাক। সেজন্যই নিজের দেশের এই দুর্দান্ত জয়েও তাঁর মন খারাপ। তিনি মনে-প্রাণেই চান ক্যারবীয় ক্রিকেট আবার আগের জায়গায় ফিরে যাক। শক্তিশালী একটি দল হয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিক পৃথিবীর শীর্ষ ক্রিকেট শক্তিগুলোকে।
কীভাবে সেটা সম্ভব? ওয়ার্ন নিজেই একটা প্রাথমিক উপায় বাতলে দিয়েছেন। তিনি আশা করেন ব্রায়ান লারার মতো কিংবদন্তিতূল্য এক ক্যারিবীয় ক্রিকেটারকে দলের অংশ করেই ওয়েস্ট ইন্ডিজ দল নিজেদের উত্তরণের প্রাথমিক কাজটা সম্পন্ন করতে পারে। টুইটারে লারাকে উদ্দেশ্য করেই তিনি লিখেছেন, ‘আমি আশা করি ওয়েস্ট ইন্ডিজের কোচিং স্টাফরা তোমাকে তাদের অংশ বানাতে আমন্ত্রণ জানাবে এবং তোমার পরামর্শেই কাজ করবে।’
ওয়ার্নের এই প্রত্যাশা পূরণ হবে কিনা, সেটা সময়ই বলে দেবে।