টম হলের সৌভাগ্য বলা যায় এটিকে, দুর্ভাগ্যও।
থাইল্যান্ডের কোহ-সামুইয়ে ছুটি কাটাতে যে তিন বন্ধুকে সঙ্গী করে নিয়ে গিয়েছিলেন শেন ওয়ার্ন, তাঁদের একজন টম হল। একই ভিলায় উঠেছিলেন তাঁরা। গত শুক্রবার সেই ভিলাতেই মারা গেছেন ওয়ার্ন। টম হলের সৌভাগ্য, ওয়ার্নের শেষ দিনগুলোয় যে কজনের সৌভাগ্য হয়েছে ওয়ার্নের পাশে থাকার, তাঁদের একজন তিনি। সেটিই আবার দুর্ভাগ্য তাঁর, চোখের সামনেই যে বন্ধুকে চিরঘুমে দেখার দুঃস্বপ্ন সইতে হলো!
সেই টম হলের সৌজন্যেই ওয়ার্নের শেষ দিনটির বিবরণ জানা গেল। কোন খাবারটি ওয়ার্নের শেষ খাবার হয়ে থাকল, মৃত্যুর দিনেও বন্ধুকে কী উপহার দিয়েছিলেন ওয়ার্ন, পুরো দিনে কী বলেছেন না বলেছেন...সবই উঠে এসেছে হলের কলমে।
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনাভিত্তিক দ্য স্পোর্টিং নিউজ ওয়েবসাইটের প্রধান নির্বাহী হলের সঙ্গে ওয়ার্নের বন্ধুত্ব অনেক পুরোনো। কোহ-সামুইয়ে শুক্রবার ওয়ার্নের চলে যাওয়ার দিনে কোনো অস্বাভাবিক কিছুই দেখতে পাননি বলে জানিয়েছেন হল। দুঃস্বপ্ন হয়ে যাওয়া সেই দিনের বর্ণনায় হল লিখেছেন, সকালে উঠেই ওয়ার্ন সবার আগে জানতে চেয়েছিলেন রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার টেস্ট নিয়ে।
‘ওর প্রথম প্রশ্ন ছিল, “এখানে থাইল্যান্ডে অস্ট্রেলিয়া-পাকিস্তানের টেস্ট কীভাবে দেখতে পাব? ম্যাচটা তো শুরু হয়ে যাচ্ছে!” ওয়ার্নি কখনোই ক্রিকেট থেকে দূরে থাকতে পারত না’—হলের লেখা।
খেলা দেখার ব্যবস্থা করা গেল। সোফায় বসে খেলা দেখছিলেন ওয়ার্ন। কিন্তু কয়েক বল যেতে না যেতেই সোফা থেকে লাফিয়ে ওঠেন। দ্রুত নিজের কক্ষে যান ওয়ার্ন। কেন? হলের বর্ণনা, ‘হাতভর্তি পোশাক-আশাক নিয়ে ফিরে এল ও। দেখে মনে হচ্ছিল, পুরোনো কাপড় ছাড়ে বিক্রির উৎসব থেকে ফিরেছে!’
কেন এত কাপড়চোপড় নিয়ে আসা? গল্পটাতে জড়িয়ে বন্ধুর প্রতি শেন ওয়ার্নের ভালোবাসা, ‘শেন আমার সঙ্গে স্পোর্টিং নিউজে বছরখানেক ধরে কাজ করছে, আমাকে ওর ২০০৫ অ্যাশেজ টেস্টের জাম্পার উপহার দিল। ওর ২০০৮ আইপিএলের জার্সি, ওয়ানডে ম্যাচের জার্সি, একটা টুপিও ছিল। অস্ট্রেলিয়া আর যুক্তরাজ্যে টিএসএনের (দ্য স্পোর্টিং নিউজ) কার্যালয়ে টাঙিয়ে রাখার জন্য দিয়েছিল ওগুলো।’
উপহার হয়ে থাকার মতো কিছু গল্পও হলকে বলেছেন ওয়ার্ন। তাঁর প্রথম আইপিএলের গল্প, রাজস্থান রয়্যালসকে কীভাবে সেবারের শিরোপা জিতিয়েছেন...সে গল্প ছিল। জার্সি-টার্সির সঙ্গে ছবি ছিল, হাসাহাসিও ছিল। তখন কে আর জানত, সেগুলোই শেষ স্মৃতি হয়ে থাকবে!
ছবি তোলা শেষে ওয়ার্ন ও বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলেন, এবার পেটপূজার সময়। কী খেলেন? ওয়ার্নের শেষ খাবার হয়ে থাকছে বলেই সে খাবার নিয়ে আগ্রহ এখন আরও বেশি।
সে খাবারের গল্প উঠে এল হলের কলমে, ‘শেনের সঙ্গে অনেক বড় রেস্টুরেন্টে খেয়েছি, তবে সেদিন থাই বিখ্যাত রেস্টুরেন্ট চেখে দেখার বদলে আমরা এক প্লেট ভেজিমাইট অন টোস্ট (অস্ট্রেলিয়ান হালকা খাবার) খাওয়ার সিদ্ধান্ত নিলাম।’
অস্ট্রেলিয়ান খাবারটির স্বাদে ওয়ার্ন বেশ মজে গিয়েছিলেন। এ খাবার নিয়েও অস্ট্রেলিয়ান গর্বটা ফুটে উঠেছিল হলের, ‘শেন গোগ্রাসে গিলতে গিলতে বলছিল, “একটু মাখন দেওয়া ভেজিমাইটকে আর কোনো কিছুই পেছনে ফেলতে পারবে না। সে তুমি দুনিয়ার যেখানেই যাও না কেন!” আগাগোড়া একজন অস্ট্রেলিয়ান ছিল ও। ওই খাবারই ওর শেষ খাবার হয়ে থাকল!’
একটা ভাবনা হয়তো অনেক ওয়ার্নভক্তকেই ভাবায়, মৃত্যুর আগের ক্ষণে বা শুক্রবার পুরো দিনে কখনোই ওয়ার্নের দিক থেকে কোনো সংকেতই ছিল না? কোনো অস্বস্তির কথাই বলেননি? থাইল্যান্ডের পুলিশ ওয়ার্নের পরিবারকে উদ্ধৃত করে শনিবার বলেছে, অ্যাজমার রোগী ওয়ার্ন থাইল্যান্ডে যাওয়ার আগে হৃদ্রোগ চিকিৎসক দেখিয়েছেন।
হল অবশ্য লিখেছেন, থাইল্যান্ডের ওয়ার্নের সফরসঙ্গীদের কেউই ওয়ার্নের হার্টের ডাক্তার দেখানোর কথা জানতেন না। যদিও ওয়ার্ন এক বন্ধুর কাছে ‘হালকা বুকে ব্যথা আর নিশ্বাস নিতে একটু কষ্ট হওয়া’র কথা বলেছেন।
তখন হয়তো কেউ সেটিকে গুরুত্ব দেয়নি। এমনিতেই ওয়ার্নের ওজন একটু বেশি ছিল, বুকে ব্যথা আর শ্বাসপ্রশ্বাসে সমস্যাকে সবাই বাড়তি ওজনের ঝামেলা বলেই ভেবেছিলেন হয়তো।
মৃত্যুর সপ্তাহ দুয়েক আগে থেকে ওয়ার্ন ওজন কমাতে কঠোর শরীরচর্চাও শুরু করেছিলেন, অন্যদিকে আবার খাবারদাবারও একেবারে কমিয়ে দিয়েছিলেন। শক্ত খাবারের বদলে তরল খাবারেই ঝুঁকেছিলেন বেশি। অনেকের ধারণা, কঠোর পরিশ্রমের সঙ্গে খাদ্যাভ্যাসে এমন হঠাৎ অস্বাভাবিক বদলই হয়তো ওয়ার্নের আকস্মিক মৃত্যুর কারণ।
হল শুধু লিখেছেন, ‘ও জানত ওর ওজন একটু বেশি, আরও কঠোর শরীরচর্চা শুরুও করেছিল। অস্ট্রেলিয়া থেকে সফরে ওর সঙ্গী যারা ছিল, সবাই (ওয়ার্নকে বাঁচাতে) সম্ভাব্য সবকিছুই করেছে, স্থানীয় অ্যাম্বুলেন্সও তাড়াতাড়িই চলে এসেছে।’
কিন্তু কিছুতেই ফেরানো যায়নি ওয়ার্নকে।
গতকাল রোববার থাইল্যান্ডের হাসপাতালে ওয়ার্নের মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। পুলিশ কোনো মন্তব্য করেনি, তবে মৃত্যুর পেছনে অস্বাভাবিক কোনো কারণ নেই ধরে নিয়েই এগোচ্ছে। ময়নাতদন্ত শেষে ওয়ার্নকে অস্ট্রেলিয়ায় ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল।
ওয়ার্নের রাজ্য ভিক্টোরিয়ার সরকার জানিয়েছে, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে ওয়ার্নের শেষকৃত্য আয়োজনের প্রস্তাবে অস্ট্রেলিয়ান কিংবদন্তির পরিবার সায় দিয়েছে। অস্ট্রেলিয়ার নাইন নেটওয়ার্কের প্রতিবেদন অনুযায়ী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই হতে পারে ওয়ার্নের শেষকৃত্য। স্টেডিয়ামের গ্রেট সাউদার্ন স্ট্যান্ডকেও ওয়ার্নের নাম দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।