ওয়ার্নের সেরা ভারতীয় দল
আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছরের লম্বা ক্যারিয়ারে অনেক ক্রিকেটারেই মুখোমুখি হয়েছেন। তাঁর মুখোমুখি হওয়া ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন দেশের সেরা একাদশ ধারাবাহিকভাবে বাছাই করছেন শেন ওয়ার্ন। সর্বশেষ সৌরভ গাঙ্গুলীকে অধিনায়ক রেখে অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি সাজিয়েছেন ভারতের সেরা টেস্ট একাদশ।
ওয়ার্নের ভারতীয় টেস্ট একাদশে উদ্বোধনী জুটিতে সুযোগ পেয়েছেন বীরেন্দর শেবাগ। তাঁর অন্তর্ভুক্তিতে কোনো চমক নেই। তবে চমক আছে ইনিংসের উদ্বোধনে শেবাগের জুটি বাছাই নিয়ে—নভজ্যেৎ সিং সিধুকে বেছে নিয়েছেন। একাদশের পরের দুটি নাম অনুমিতই—তিনে রাহুল দ্রাবিড়, চারে শচীন টেন্ডুলকার। ওয়ার্নের দলে পাঁচ নম্বরে ব্যাট করবেন ‘অধিনায়ক’ সৌরভ গাঙ্গুলী।
সেরা ভারতীয় একাদশের ‘ছয়’ নম্বর স্থানের খেলোয়াড় বাছতে গিয়ে তাঁকে নাকি সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে ওয়ার্নকে। ফেসবুকে জানিয়েছেন, ‘এই দলের “ছয়” নম্বর স্থানটিতে কাকে নেব, এটা নিয়ে যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছি। এই স্থানে আমি আমার দুই বন্ধু ভিভিএস লক্ষ্মণ ও মোহাম্মদ আজহারউদ্দিনের মধ্যে কাকে খেলাব, সেটা নিয়ে দ্বিধায় ছিলাম। আমি ১২ জনের দল দিচ্ছি পরিস্থিতি অনুযায়ী যাকে ইচ্ছা খেলাব।’ লক্ষ্মণকে দ্বাদশ ব্যক্তি বানিয়ে একাদশে অবশ্য তিনি রেখেছেন মোহাম্মদ আজহারউদ্দিনকেই।
আজহারউদ্দিনের পরেই আছেন অলরাউন্ডার কপিল দেব। মহেন্দ্র সিং ধোনিকে তিনি নিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবেই। একাদশটি তিনি পূরণ করেছেন অনিল কুম্বলে, হরভজন সিং ও জাভাগাল শ্রীনাথকে নিয়ে।
ভারতীয় টেস্ট একাদশ নিয়ে ওয়ার্ন বলেছেন, ‘আমি যাঁদের বিপক্ষে খেলেছি, এমন খেলোয়াড়দের নিয়ে একাদশ তৈরি করতে গেলে ভারতীয় দলটা বানানোই সবচেয়ে কঠিন। আমি ভারতের বেশ কয়েকজন কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে খেলেছি যেমন দিলীপ ভেঙ্গসরকার, সঞ্জয় মাঞ্জেরেকার, রবি শাস্ত্রী, মনোজ প্রভাকর প্রমুখ।’
ভারতের পর সম্মিলিত অ্যাশেজ একাদশ ও তাঁর দৃষ্টিতে সেরা শ্রীলঙ্কান দলটি প্রকাশ করবেন বলে জানিয়েছেন ওয়ার্ন। ক্রিকবাজ।
ওয়ার্নের ভারতীয় টেস্ট একাদশ
নভজোৎ সিং সিধু, বীরেন্দর শেবাগ, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী (অধিনায়ক), মোহাম্মদ আজহারউদ্দিন, কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, অনিল কুম্বলে, হরভজন সিং, জাভাগাল শ্রীনাথ।