ওয়ার্নের সেলফিতে আতহার-সৌরভরা

চ্যাম্পিয়নস ট্রফি সফল করতে আয়োজনের কোনো কমতি রাখছে না আইসিসি ও ইসিবি। মাঠের লড়াইটা জমজমাট হবে কি না, সেটা এখনই বলা কঠিন। তবে মাঠের বাইরের আয়োজনটা জাঁকালোই হচ্ছে। টুর্নামেন্ট আরও আকর্ষণীয় করে তুলতে মাইক্রোফোন হাতে থাকছেন বিশ্ব ক্রিকেটের বড় বড় সব নাম। এ তালিকায় বাংলাদেশের প্রতিনিধি একজন—আতহার আলী খান।
কে কে এই চ্যাম্পিয়নস ট্রফিতে ধারাভাষ্য দেবেন, সেটি বোঝা যাবে শেন ওয়ার্নের তোলা সেলফিতে। অস্ট্রেলীয় কিংবদন্তি লেগ স্পিনারের সেলফিতে আছেন মাইকেল স্লাটার, নাসের হুসেইন, ইয়ান বিশপ, রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলি, সঞ্জয় মাঞ্জরেকার, শন পলক, মাইক আথারটন, কুমার সাঙ্গাকারা, রমিজ রাজা, গ্রায়েম স্মিথ, সাইমন ডৌল, আতহার আলী খানের মতো প্রখ্যাত সব ধারাভাষ্যকররা। ছবিটি দিয়ে আইসিসি তাই টুইট করেছে, ‘চ্যাম্পিয়ন ধারাভাষ্যকররা!’ একটা সময় মাঠ মাতিয়েছেন সবাই। এবার এই ক্রিকেট কিংবদন্তিরা মুগ্ধ করবেন মাইক্রোফোন হাতে। চ্যাম্পিয়নস ট্রফির আনন্দযজ্ঞে ডুব দিতে তৈরি হন। সূত্র : আইসিসি টুইটার।