ওয়ালশই বোলিং কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোর্টনি ওয়ালশ
কোর্টনি ওয়ালশ

বিসিবি এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। অনুমান করা যাচ্ছে, ৩ সেপ্টেম্বর রাতে সিঙ্গাপুর থেকে ফিরে বোর্ড সভাপতি নাজমুল হাসানই বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচের নাম জানাবেন। তবে পেসারদের দায়িত্বটা যে সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশই পেতে যাচ্ছেন, তা মোটামুটি নিশ্চিত।
বোলিং কোচ ঠিক হয়ে যাওয়ার খবর বিসিবি সভাপতি আরও আগেই দিয়েছিলেন। নাম বলেননি কৌশলগত কারণে। কোচেরই নাকি অনুরোধ ছিল সেটি না বলতে। অন্য একটি বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। চুক্তি শেষ হওয়ার আগে নতুন চাকরির কথা জানাজানি হোক, সেটা তিনি চাননি। বিসিবি তাঁর ইচ্ছার প্রতি সম্মান দেখিয়েই গোপন রেখেছিল নামটা।
কিন্তু নানা রন্ধ্র পথে খবর ঠিকই বেরিয়ে যায়। হিথ স্ট্রিকের উত্তরসূরি হিসেবে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের পদে ওয়ালশের নাম তাই কয়েক দিন ধরেই আলোচনায়। পরশু রাতে ওয়ালশের সঙ্গে এই প্রতিবেদকের মুঠোফোনের কথোপকথনে আরও পরিষ্কার হয়ে যায়, তিনিই হতে যাচ্ছেন বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ। প্রথমে এ বিষয়ে কথা বলতে না চাইলেও ওয়ালশ পরে বলেছেন, ‘বিসিবি আজ-কালের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেবে। তার আগে এ নিয়ে আমার কথা বলাটা ঠিক হবে না।’ বাংলাদেশে কবে আসবেন—এমন প্রশ্নের জবাবে জ্যামাইকান কিংবদন্তি ফাস্ট বোলারের উত্তর, ‘বিসিবির সঙ্গে এখনো আমার ছোট একটা আলোচনা বাকি আছে। তারপর এসব বিষয় ঠিক হবে।’ ক্রিকইনফো অবশ্য জানিয়েছে, ওয়ালশের সঙ্গে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়ে গেছে বিসিবির। সব ঠিক থাকলে তিনি ঢাকায় আসবেন আগামী সপ্তাহে।

২০০১ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩২ টেস্টে ওয়ালশের উইকেটসংখ্যা ৫১৯। একসময় এটাই ছিল বিশ্ব রেকর্ড। ২০৫ ওয়ানডেতে উইকেট ২২৭টি। ওয়েস্ট ইন্ডিজ দলকে ২২ টেস্টে নেতৃত্ব দেওয়া ওয়ালশ সর্বশেষ ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচকের দায়িত্বে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার ছিলেন তিনি, ছিলেন সিপিএলে সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালওয়াসের ‘মেন্টর’। কোচের ভূমিকায় ওয়ালশকে প্রথম দেখা যাবে বাংলাদেশ দলের সঙ্গেই।

ওয়ালশ এলে গর্ডন গ্রিনিজের পর এখন পর্যন্ত তিনিই হবেন বাংলাদেশ দলের কোচিং প্যানেলে দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিয়ান। এর আগে ১৯৯৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকে ১৯৯৯ বিশ্বকাপ পর্যন্ত কোচ ছিলেন আরেক ক্যারিবীয় কিংবদন্তি গর্ডন গ্রিনিজ। ওয়ালশ পূরণ করতে পারেন মাশরাফি বিন মুর্তজার একটা স্বপ্নও। ‘আমার অনেক দিনের স্বপ্ন এই মানুষটাকে (কোর্টনি ওয়ালশ) কাছ থেকে দেখার, তাঁর কাছ থেকে কিছু শেখার’—ওয়ালশ বোলিং কোচ হতে পারেন শুনে পরশু বলছিলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার।