ওয়ালশের অনাড়ম্বর আগমন
কোর্টনি ওয়ালশ হতে পারেন কিংবদন্তি ক্রিকেটার। হতে পারেন টেস্টে প্রথম ৫০০ উইকেটের মালিক, বহু ফাস্ট বোলারের স্বপ্নের নায়কও। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে তাঁর পরিচয় শুধুই জাতীয় দলের পেস বোলিং কোচ।
বাংলাদেশে এর আগে অনেক কিংবদন্তি ক্রিকেটারেরই আগমন ঘটেছে। কোর্টনি ওয়ালশ এলেন এই প্রথম। সেটাও অন্য কোনো পরিচয়ে নয়, সরাসরি বাংলাদেশ দলের কোচিং প্যানেলের অংশ হয়ে। কিন্তু কাল রাতে ঢাকায় পা দিয়ে ক্যারিবীয় এই সাবেক ক্রিকেটারও নিশ্চয়ই বুঝে গেছেন, তাঁর পরিচয়টা এখানে শুধু ওই বাংলাদেশ দলের পেস বোলিং কোচই।
কাল রাতে ওয়ালশকে অভ্যর্থনা জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিলেন না বিসিবির ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা। বিমানবন্দর থেকে অনেকটা অনাড়ম্বরেই হোটেল র্যা ডিসনে নিয়ে যাওয়া হয় তাঁকে।
বিমানবন্দরে দীর্ঘ সময় লাগেজের জন্য অপেক্ষায় থাকতে হয়েছে ওয়ালশকে। তার আগে জ্যামাইকা-নিউইয়র্ক-আবুধাবি-ঢাকা বিমান ভ্রমণটাও ছিল ক্লান্তিকর। রাত আটটার ফ্লাইট নেমেছে রাত নয়টা ১০ মিনিটে। আর ওয়ালশ বিমানবন্দর ত্যাগ করেছেন রাত সাড়ে ১০টায়।
বিসিবি থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, ওয়ালশ বিমানবন্দরে কথা বলবেন না। তবু সাংবাদিকদের ভিড়টা সব সময়ের মতোই ছিল। তাঁদের নিরাশ করেননি তিনি। গাড়িতে ওঠার আগে গেটের কাছে এসে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে।