ওয়ালশের ক্লাসে উপকার দেখছেন রাব্বি

কোর্টনি ওয়ালশকে শিক্ষক হিসেবে পেয়ে খুশি হয়েছিলেন বাংলাদেশের পেসাররা। বাংলাদেশের বোলিং কোচ হিসেবে সাবেক ক্যারিবীয় গ্রেট ১০ মাস কাটিয়ে দিলেন। সমর্থকদের মধ্যে তাঁকে নিয়ে একটা প্রশ্ন আছে। তবে পেসারদের কণ্ঠে কিন্তু ওয়ালশকে নিয়ে সন্তুষ্টিই ঝরেছে। কামরুল ইসলাম রাব্বি যেমন বলছেন, ওয়ালশ আসার পর সবদিক দিয়েই উপকৃত হয়েছেন তাঁরা।
আজ মিরপুরে অনুশীলন শেষ জাতীয় দলের এই পেসার ওয়ালশকে নিয়ে নিজের মুগ্ধতার কথাই জানিয়েছেন, ‘উনি এত বড়মাপের খেলোয়াড়! তাঁর কথায় আমরা অনেক উপকৃত হই। টেকনিক্যাল বলেন কিংবা মানসিক দিক, ওয়ালশের অধীনে আমরা উপকৃত হয়েছি। আমাদের মতো জুনিয়ররা তাঁর মতো খেলোয়াড়ের সঙ্গে কথা বলে আত্মবিশ্বাস লাভ করতে পারে।’
ওয়ালশকে সব সময়ই খুব বন্ধুবৎসল মনে হয়েছে রাব্বির কাছে, ‘ওয়ালশের সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। সে কারণেই কাজ করতে সুবিধা হয়।’
সাবেক ক্যারিবীয় ফাস্ট বোলারের অধীনে নিজের উন্নতিগুলো নির্দিষ্ট করেই বলতে পারেন রাব্বি, ‘নির্দিষ্ট করে বললে আমার ভারসাম্যে উন্নতি হয়েছে। আমি ইনসুইং করতে পারতাম না। এখন করতে পারি। তিনি এখন আমাদের স্পট বোলিং নিয়ে কাজ করছেন। কন্ডিশন ক্যাম্পের পর পুরো ছন্দে এখনো বোলিং শুরু হয়নি। স্পট বোলিং নিয়ে আপাতত কাজটা শুরু করেছি।’
রাব্বি জানালেন, এই মুহূর্তে নিজের তূণে আরও তির যোগ করার চেয়ে, যেগুলো আছে সেগুলোর ধারই বাড়িয়ে নেওয়ার দিকে তাঁদের নজর, ‘আমি আসলে যে জিনিসগুলো জানি, সেগুলোই আরও নিখুঁত করতে চাই। আপাতত এটিই আমার লক্ষ্য। রিভার্স সুইং অনেক গুরুত্বপূর্ণ। অনেকেই রিভার্স সুইং করানোর চেষ্টায় থাকে। আমি এই সময়টাতে এই কাজগুলো গুরুত্ব নিয়ে শিখতে চাই। চেষ্টা করছি ভালো জায়গা থেকে রিভার্স সুইংটা করানোর জন্য।’
গত ডিসেম্বরের নিউজিল্যান্ড সফর থেকেই ব্যাটিং দিয়েও নজরে পড়েছে। টেল এন্ডে তাঁর ব্যাটিং মুগ্ধতা ছড়িয়েছে অনেকেরই। সোজা ব্যাটে খেলার ক্ষমতা, বল ছাড়ার দক্ষতা, ধৈর্য—সবই নজর কেড়েছে। কোচ চন্ডিকা হাথুরুসিংহেও নাকি বেশ খুশি তাঁর ব্যাটিং-ক্ষমতায়।
রাব্বি বললেন, ‘খেলাধুলা যখন শুরু করি, তখন ব্যাটিং ভালোই করতাম। কিন্তু ব্যাটিংয়ে সুযোগ পেতাম না, পেলেও শেষের দিকে। ব্যাটিং করতে নামলেই সে কারণে আত্মবিশ্বাসী হয়ে যাই। এখন দলের সবাই জানে আমি ব্যাটিং করতে পারি। কোচেরও আমার ওপর আস্থা জন্মেছে নাইটওয়াচম্যান হিসেবে নামালে কিছু করতে পারবে। নেটে আমাকে অনেক শট বল খেলান কোচ। শেখান, কীভাবে বল ছাড়তে হবে, কীভাবে সোজা ব্যাটে খেলতে হবে। কোচ আমার ব্যাটিং নিয়ে অনেক কাজ করেছেন।’