ওয়ালশের সঙ্গী ডি ভিলিয়ার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৬, ০, ০, ০। টেস্ট অধিনায়ক হওয়ার পর ব্যাটিংটাই যেন ভুলে যাচ্ছেন এবি ডি ভিলিয়ার্স! চার ইনিংসে ৩ বার শূন্য রানে আউট। টেস্ট তো বটেই, প্রথম শ্রেণির ক্যারিয়ারেই দেখা পেলেন প্রথম পেয়ারের (জোড়া শূন্যে)! এই পর পর তিন শূন্যতে প্রোটিয়া অধিনায়কের নাম উঠে গেছে অনাকাঙ্ক্ষিত এক তালিকায়। যে তালিকায় ডি ভিলিয়ার্স সঙ্গী হিসেবে পেয়েছেন টেস্টে সবচেয়ে বেশি শূন্যের মালিক কোর্টনি ওয়ালশকে!
তালিকাটা অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার। যেখানে ডি ভিলিয়ার্সের আগেই নাম লিখিয়েছেন আরও ৬ জন। তাঁদের সঙ্গে বড় একটা পার্থক্য আছে ডি ভিলিয়ার্সের। এঁদের কেউই অধিনায়ক হিসেবে প্রথম সিরিজে ৩ বার শূন্যতে আউট হননি। অধিনায়কত্বের দ্বিতীয় সিরিজে তিনবার শূন্য রানে আউট হয়েছেন মাত্র একজন—ইমতিয়াজ আহমেদ।
পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান মাত্র দুটি সিরিজেই দলকে নেতৃত্ব দিয়েছেন। ১৯৫৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে অবশ্য নিয়মিত অধিনায়ক ফজল মাহমুদের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন ইমতিয়াজ। ব্যাট হাতে খারাপও করেননি; প্রথম ইনিংসে ১৮, দ্বিতীয় ইনিংসে ৫৪। দুই বছর পর ইংল্যান্ডের বিপক্ষে পুরো সিরিজের দায়িত্ব পেয়ে অবশ্য অধিনায়কত্বের চাপ ভালোই টের পেয়েছিলেন তিনি। তিন টেস্টের ছয় ইনিংসে তিনবার শূন্যের দেখা পান পাকিস্তান অধিনায়ক। তিনটিই টানা ইনিংসে—ঢাকায় দ্বিতীয় টেস্টে জোড়া শূন্যের পর করাচিতে শেষ ম্যাচের প্রথম ইনিংসে।
এক সিরিজে তিনবার শূন্য রানে আউট হওয়া প্রথম অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের জন গডার্ড। তালিকায় এরপর নাম উঠেছে ইমতিয়াজ, ফ্র্যাঙ্ক ওরেল, স্টিভেন ফ্লেমিং, কোর্টনি ওয়ালশ, জিমি অ্যাডামস ও ডি ভিলিয়ার্সের।
সিরিজে তিন শূন্য (অধিনায়ক হিসেবে)
ইনিংস  ব্যাটসম্যান  সিরিজ   সাল
৭ জন গডার্ড ও. ইন্ডিজ-অস্ট্রেলিয়া ১৯৫১
৬ ইমতিয়াজ আহমেদ পাকিস্তান-ইংল্যান্ড ১৯৬১
৮ ফ্র্যাঙ্ক ওরেল ও. ইন্ডিজ-ইংল্যান্ড ১৯৬৩
৬ স্টিভেন ফ্লেমিং নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ১৯৯৭
৬ কোর্টনি ওয়ালশ ও. ইন্ডিজ-পাকিস্তান ১৯৯৭
১০ জিমি অ্যাডামস ও. ইন্ডিজ-অস্ট্রেলিয়া ২০০০
৪ এবি ডি ভিলিয়ার্স দ. আফ্রিকা-ইংল্যান্ড ২০১৬