ওয়াসিম আকরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াসিম আকরাম
ওয়াসিম আকরাম

বিশ্বকাপ ক্রিকেট: এগিয়ে আসছে বিশ্বকাপ। ক্রিকেটের মহোৎসব সামনে রেখে আইসিসির ওয়েবসাইটে বিশ্বকাপ নিয়ে স্মৃতিচারণায় মেতেছেন সাবেক ক্রিকেটাররা। আজ থাকছে বিশ্বকাপজয়ী কিংবদন্তি ওয়াসিম আকরামের কথা
যেকোনো খেলারই বিশ্বকাপ হচ্ছে চূড়ান্ত মঞ্চ। প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে যেখানে খেলার। আর আমার কাছে বিশ্বকাপ তো সব সময় বিশেষ কিছু।
এ মহারণের আগেই আমি সব রকম প্রস্তুতি সেরে রাখতাম। সব সময় চাইতাম, যাতে বিশ্বকাপে নিজের সেরাটা দিতে পারি। কারণ, চার বছর পর পর এ টুর্নামেন্টের দিকে পুরো বিশ্ব চেয়ে থাকে, এখানে দারুণ কিছু করতে পারলে রাতারাতি তারকা হওয়া যায়।
ছোটবেলায় লাহোরে আমাদের বাড়ির সামনের রাস্তায় আমরা নিজেদের মতো করে বিশ্বকাপ খেলতাম। আমার মনে আছে, কৈশোরে মাজাং এলাকায় আমি এমনই একটা পাড়ার বিশ্বকাপ টুর্নামেন্টে খেলছিলাম, রেডিওতে তখন ১৯৮৩ বিশ্বকাপের ধারাবিবরণী হচ্ছিল। সেখানেই জিম্বাবুয়ের বিপক্ষে কপিল দেবের অসাধারণ ১৭৫ রানের ইনিংসটা শুনলাম, বিশ্বকাপ নিয়ে যা আমার প্রথম স্মৃতি। ওটাই আমাকে সবচেয়ে অনুপ্রাণিত করেছিল, আমি সত্যিকার বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখা শুরু করলাম।

বিশ্বকাপ ট্রফির সঙ্গে এল ফাইনাল-সেরার পুরস্কারও
বিশ্বকাপ ট্রফির সঙ্গে এল ফাইনাল-সেরার পুরস্কারও


চার বছর পর নিজের দেশের মাঠে সত্যি সত্যি বিশ্বকাপে খেললাম! ওই বিশ্বকাপ ঘিরে যে উন্মাদনা ছিল সেটা কখনো ভুলতে পারব না। তবে আমার জন্য এর চেয়েও মধুর হয়ে আছে পরের বিশ্বকাপটি, ১৯৯২ সালে। সব রকম বিস্ময়ের জন্ম দিয়ে আমরা ওই বিশ্বকাপ জিতে গেলাম। শুরু থেকেই কেউ আমাদের গোনায় ধরেনি, তারপর টানা কয়েকটি হার আমাদের সম্ভাবনা প্রায় শেষ করে দিল। কিন্তু আমাদের অধিনায়ক ইমরান খান শিরোপা জয়ের আশা একটিবারের জন্য ছেড়ে দেননি। যেভাবে আমরা সেমিফাইনাল ও ফাইনালে উঠলাম, সেটা আমাদের সবার জন্য অবিস্মরণীয় স্মৃতি। সেমিফাইনাল ইনজামাম-উল-হককে রাতারাতি তারকা বানিয়ে দিল। ফাইনালে আমিও কিছুটা ভাগ্যের সাহায্য পেলাম। বুঝলাম, বিশ্বকাপে ভালো পারফরম্যান্স কীভাবে একজন খেলোয়াড়কে ‘আইকন’ বানিয়ে দিতে পারে।
একজন ক্রিকেটার শুধু বিশ্বকাপে খেলার স্বপ্নই দেখেন না, সেখানে নিজের সেরাটা মেলে ধরাও তাঁর স্বপ্ন। যেটা আমার ক্ষেত্রে হয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, বিশ্বকাপে চূড়ান্ত সাফল্য একজন পেশাদার ক্রিকেটারের ক্যারিয়ারকে পরিপূর্ণ করে। এর প্রমাণ নিশ্চয়ই পেয়েছেন শচীন টেন্ডুলকারের প্রতিক্রিয়ায়, ষষ্ঠবারের চেষ্টায় অবশেষে ২০১১ সালে টেন্ডুলকার বিশ্বকাপ ট্রফিটা তুলে ধরার সুযোগ পেলেন! একজন বিনয়ী এবং নিরহংকার খেলোয়াড়ের সারা জীবনের স্বপ্ন সত্যি হওয়ার পরিতৃপ্তি ফুটে উঠেছিল তাঁর চোখেমুখে। সর্বকালের সেরা এবং পরিপূর্ণ ক্রিকেটার হিসেবে টেন্ডুলকার নিজের নামটা সোনার অক্ষরে লিখেছেন ২ এপ্রিল ২০১১।

অন্যদিকে আধুনিক কালে আরও অনেক ‘আইকন’ ক্রিকেটার আছেন, যাঁরা কখনো বিশ্বকাপ জিততে পারেননি। ব্রায়ান লারা, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলী, জ্যাক ক্যালিসকে জিজ্ঞেস করুন, তাঁরাও বলবেন বর্ণাঢ্য ক্যারিয়ারের সবচেয়ে বড় অপ্রাপ্তি কোনটি। মাইক গ্যাটিংয়ের সঙ্গে কথা বলুন, ১৯৮৭ বিশ্বকাপে ফাইনালে সেই রিভার্স সুইপের জন্য তাঁর আফসোসটা বুঝতে পারবেন। আমি নিশ্চিত, হেডিংলিতে সেদিন স্টিভ ওয়াহর ক্যাচ ফেলার স্মৃতি এখনো তাড়া করে হার্শেল গিবসকে। চোটের কারণে ১৯৯২ বিশ্বকাপ খেলতে পারেননি বলে ওয়াকারেরও কি একটু আক্ষেপ হয় না?