ওয়াসিম আকরামকে খুন করে ফেলতেন শোয়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁরা দুজন যখন একসঙ্গে খেলতেন। ছবি: ওয়াসিম আকরাম টুইটার
তাঁরা দুজন যখন একসঙ্গে খেলতেন। ছবি: ওয়াসিম আকরাম টুইটার

শোয়েব আখতার কেমন বোলিং করতেন? এ প্রশ্নের উত্তর বিভিন্ন হতে পারে। গতির ঝড় যাঁদের পছন্দ, পেস বোলিং মানেই যাঁদের কাছে আগ্রাসন, তাঁদের কাছে শোয়েব ছিলেন অনন্য। কিন্তু পেস বোলিংয়ের প্রত্যেকটি বিষয় একত্র করলে শোয়েবকে হয়তো সেরাদের কাতারে ফেলা যাবে না।

বোলার শোয়েব সেরাদের কাতারে না পড়তে পারেন, কিন্তু বক্তা শোয়েব কিংবা সংবাদ শিরোনাম দেওয়াতে পাকিস্তানের সাবেক গতি তারকার জুড়ি মেলা ভার। প্রতিদিনই কিছু না কিছু বলছেন নিজের ইউটিউব চ্যানেলে। কেড়ে নিচ্ছেন পাদপ্রদীপের আলো। অবশ্য নতুন আলোচনার জন্ম ইউটিউব নয়, এক টিভির অনুষ্ঠানেই দিয়েছেন। বলেছেন, ওয়াসিম আকরামকে খুন করতেও দ্বিধা করতেন না তিনি।

শোয়েবের অভিষেকের সময়টা পাকিস্তান ক্রিকেটের জন্য বড় অস্থির সময়। দলের সব বড় বড় তারকাদের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ উঠত তখন। এর মাঝে সেলিম মালিক ও ইজাজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিতও হয়েছিল। এ ছাড়া ওয়াসিম আকরামের বিরুদ্ধেও অভিযোগ তোলা হতো নিয়মিত। দলের সতীর্থদের এমন অভিযোগের ফলে ম্যাচে উইকেট পাওয়ার পর উদ্‌যাপন করতে করতে থেমে যেতেও দেখা গিয়েছিল ওয়াসিমকে। তো, এক টিভি অনুষ্ঠানে শোয়েবের কাছে প্রশ্ন করা হয়েছিল, সাবেক অধিনায়ক কখনো তাঁকে ম্যাচ পাতানোর আমন্ত্রণ জানিয়েছিলেন কি না।

ক্রিকেট পাকিস্তানের সূত্রেই জানা গেল শোয়েবের নতুন এই হুংকার, ‘কদিন আগেই নব্বইয়ের দশকের কিছু ম্যাচ দেখছিলাম এবং অসাধারণ বোলিং করে পাকিস্তানকে যেভাবে বারবার অসম্ভব বাজে অবস্থা থেকে উদ্ধার করছিলেন ওয়াসিম আকরাম, সেটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমাকে যদি কখনো ম্যাচ পাতাতে বলতেন ওয়াসিম আকরাম, তাঁকে ধ্বংস করে দিতাম, এমনকি খুন করতাম। কিন্তু তিনি এমন কিছু কখনো করেননি।’

ওই অনুষ্ঠানে তাঁর ক্যারিয়ারে ওয়াসিমের অবদানের কথাই তুলে ধরেছেন শোয়েব। এটাও বলেছেন, বারবার কীভাবে তাঁকে রক্ষা করতেন ওয়াসিম। কঠিন পরিস্থিতিতে সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে তরুণ শোয়েবকে বাঁচাতেন, ‘আমি তাঁর সঙ্গে সাত-আট বছর খেলেছি। বহুবার টপ অর্ডার ব্যাটসম্যানদের আউট করার দায়িত্ব নিজে নিয়েছেন, আর আমাকে টেল এন্ডার তুলে নেওয়ার দায়িত্ব দিয়ে বাঁচিয়ে দিয়েছেন। এমনকি আমার পছন্দের প্রান্ত থেকে বোলিং করার সুযোগও দিতেন। অথচ আমার চেয়ে তাঁরই উইকেট সংখ্যা বেশি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে।’