ওয়াসিম আকরামের বলে মরতে বসেছিলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বকালের সেরা ফাস্ট বোলারদের তালিকাতেই আছেন ওয়াসিম। ছবি: এএফপি
সর্বকালের সেরা ফাস্ট বোলারদের তালিকাতেই আছেন ওয়াসিম। ছবি: এএফপি

ওয়াসিম আকরামকে প্রথম বলেই বাউন্ডারি হাকানোর দুঃসাহস কজন ব্যাটসম্যানের ছিল? সে যতো বড়ো ব্যাটসম্যানই হোক না কেন দেখে শুনে তবেই খেলতেন বিশ্বের অন্যতম সেরা এই পেস কিংবদন্তিকে। কিন্তু ওয়াসিমকে ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে বেশ বিপদেই পড়েছিলেন জেমস পামেন্ট। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার পামেন্ট প্রায় দুই যুগ আগের ঘটনাটা মনে করে এখনও ভয়ে শিউরে ওঠেন। পাকিস্তানের সাবেক এই পেসারের বিপক্ষে খেলতে গিয়ে প্রায় মরতেই বসেছিলেন পামেন্ট।

ঘটনাটা ১৯৯৫-৯৬ মৌসুমে নিউজিল্যান্ডের পাকিস্তান সফরের সময়ের। শেল ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মাত্রই দলে সুযোগ পেয়েছেন। ওয়াসিম আকরামের প্রথম বলটা ছিল হাফ-ভলি ধরনের। পামেন্ট সোজা সাইড স্ক্রিন বরাবর বলটা পাঠিয়ে দেন। কিন্তু ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে মৌচাকে ঢিল মেরে তিনি কি ক্ষতিটাই না করেছেন! এমনকি সেই বাউন্ডারি মারার কারণে এখনও মনে মনে আফসোসে পোড়েন পামেন্ট, 'পরের শটটা মারবো কি মারব না তা নিয়ে ভাবছিলাম। এখনও মনে হয় কেন এমন নির্বোধের মতো কাজ করেছিলাম সেদিন।' পরের ডেলিভারিটা কেমন হতে পারে সেই অনুমানটা করেছিলেন। কিন্তু তা যে এত ভয়ঙ্কর হবে মোটেও বুঝতে পারেননি পামেন্ট, 'আমি জানতাম কেমন বল আসছে। ঠিক আগের বারের মতোই ডেলিভারি ছিল। কিন্তু ওই বলটা ছিল ৩৫ কিলোমিটার গতির। ধুম করে আমার হেলমেটের সামনে এসে লাগল বলটা। হেলমেটের ব্যাজটা প্রচন্ড শব্দ করে আমার কাছেই এসে খসে পড়ল মাটিতে। আমি সেটা মাটি থেকে কুড়িয়ে পকেটে রাখলাম এবং পরের বলের জন্য প্রস্তত হচ্ছিলরাম।' পরের ডেলিভারিটি স্লিপে দাঁড়ানো ইনজামাম উল হক ধরে ফেলেন। পামেন্টও সোজা প্যাভিলিয়নের দিকে হাঁটা শুরু করে দেন। কিন্তু একটু পর একটা হই চই শুনতে পান যে, তিনি ভুল পথে হাঁটছেন। আসলে আগের বলে কনকাশনের কারণে কিছু বুঝতেই পারছিলেন না পামেন্ট, 'আমি বগলের নিচে ব্যাটটা নিয়ে হাটা শুরু করি। ৩০ সেকেন্ডের মতো হেটেছি হয়তো, বাউন্ডারি সীমানার কাছে চলে গেছি। এবং ওই সময় চেচামেচি শুনতে পাই। একজন আমাকে ডেকে বলছে, আরে তুমি তো ভুল পথে হাটছো? আসলে প্যাভিলিয়নের দিকে না গিয়ে চলে যাচ্ছিলাম গ্রাউন্ডসম্যানদের ছাউনিতে। মনে হচ্ছিল আবারও কি ঘুরব? এরপর গ্রাউন্ডসম্যানদের ছাউনিতেই চলে গেলাম।'
ওয়াসিম আকরাম এই ঘটনা জানার পর অবশ্য ক্ষমা চেয়েছিলেন পামেন্টের কাছে। তবে মজা করে বলছিলেন, ' কেন তোমার মাথার ভেতরে এমন পোকা ঢুকেছিল যে প্রথম বলেই আমাকে চার মারতে হবে? হা হা হা...। তবে তোমার কনকাশনের জন্য সত্যিই দুঃখিত বন্ধু।'