ওয়েঙ্গার আছেন, টুখেল নেই
বলতে গেলে ‘ওপেন সিক্রেট’ই ছিল ব্যাপারটা। মাস দু-তিনেক ধরেই গুঞ্জন যা-ই চলুক, আরও দুই বছর আর্সেনালে থাকবেন আর্সেন ওয়েঙ্গার। তা-ই হলো। সোমবার বোর্ডের সভার পরের সিদ্ধান্ত, এই মৌসুমেই শেষ হতে যাওয়া চুক্তিটা আরও দুই বছরের জন্য নবায়ন করেছেন ৬৭ বছর বয়সী ফ্রেঞ্চ কোচ। আনুষ্ঠানিক ঘোষণা অবশ্য আসবে আজ। মৌসুমটা ভালো কাটেনি আর্সেনালের, ওয়েঙ্গার-যুগের ২১ বছরে প্রথমবার লিগ শেষ করল সেরা চারের বাইরে। তবে জিতেছে এফএ কাপ।
মাত্র তিন দিন আগেই জার্মান কাপ জিতিয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডকে। লিগে করেছেন তৃতীয়। এত কিছুর পরও ডর্টমুন্ড থেকে ইস্তফা দিতে হলো টমাস টুখেলকে। ধারণা করা হচ্ছে, ডর্টমুন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হান্স-জোয়াকিম ওয়াজকের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েনের কারণেই সরে যাচ্ছেন ৪৩ বছর বয়সী জার্মান কোচকে। ২০১৫ সালে ইয়ুর্গেন ক্লপ সরে দাঁড়ানোর পর ডর্টমুন্ডের কোচ হয়েছিলেন টুখেল। নিসের কোচ লুসিয়েন ফাভরে হতে পারেন রয়েসদের নতুন কোচ। বিবিসি।