ওয়েলিংটনে আসল 'অভিষেক' কামরুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২ উইকেট পেয়ে খুশি কামরুল ইসলাম রাব্বী। ছবি: এএফপি
২ উইকেট পেয়ে খুশি কামরুল ইসলাম রাব্বী। ছবি: এএফপি

ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তাঁর অভিষেক নিয়ে অনেক কথা উঠেছিল। মরা উইকেটে তাঁর বোলিং দৃষ্টি কাড়তে পারেনি। ঢাকার ঐতিহাসিক জয়েও কামরুল ইসলাম রাব্বীর কোনো ভূমিকা নেই। যেন একজন পেস বোলার নিতে হয় দেখেই তাঁকে নেওয়া। চট্টগ্রামে প্রথম টেস্ট উইকেটের স্বাদটা অন্তত নিতে পেরেছিলেন। কিন্তু ঢাকায় করতে পারেননি কিছুই। সে হিসেবে ওয়েলিংটনে প্রথম টেস্টেই খেলার সুযোগ পেয়ে যাওয়াটা কামরুলের জন্য বিশেষ কিছুই। নিউজিল্যান্ডে বল হাতে নিয়ে পেয়ে গেলেন দুটি উইকেট। চট্টগ্রাম ও ঢাকার দুই টেস্টের পর আরেকটি টেস্ট খেলাটাই যার অনিশ্চয়তার মধ্যে ছিল, সেখানে ওয়েলিংটনে যেন খুঁজে পেলেন নতুন পথের সন্ধান। এবারও যেন আসল অভিষেক হলো তাঁর!
ব্যাপারটি পরিশ্রমেরই ফল বলে মনে করেন রাব্বী, ‘আমি শিখছি। প্রতিনিয়ত শিখছি। ঢাকা ও চট্টগ্রামে প্রথম দুটি টেস্টের অভিজ্ঞতা একেবারেই ভালো ছিল না। তবে ঢাকা টেস্টের পর কোচ ও আমার শুভাকাঙ্ক্ষীরা সমস্যাগুলো ধরিয়ে দিয়েছেন। আমি সেগুলো নিয়ে আলাদা অনুশীলন করেছি। প্রথমে দলে ছিলাম না। কিন্তু আল্লাহর রহমতে যখন সুযোগ এল, তখন ভেবেছি, সুযোগ যখন এসেছে, তখন এটাকে কাজে লাগাতেই হবে।’
চট্টগ্রামে একটি উইকেট পেয়েছিলেন। ঢাকায় একটিও নয়। দলের অন্যতম প্রধান বোলার হিসেবে উইকেট না পাওয়ার যন্ত্রণাটা যেন বিঁধে ছিল তাঁর বুকে। ওয়েলিংটনে সেই যন্ত্রণা থেকে অনেকটাই মুক্ত তিনি, ‘ঢাকা কিংবা চট্টগ্রামে একটি উইকেট পাওয়াটাই বিরাট ব্যাপার ছিল। মনে হচ্ছিল কখন একটা উইকেট পাব। এখানে প্রথমে একটি উইকেট পেলাম। পরে পেলাম আরও একটি। দিন শেষে মনে হচ্ছে আল্লাহর রহমতে ভালো কিছুই হবে।’

ওয়েলিংটনে দলের সবচেয়ে ‘অভিজ্ঞ’ পেসার তিনিই। তাঁর নামের পাশে আছে ২ টেস্টের অভিজ্ঞতা। বাকি দুজনের অভিষেক এখানেই। ব্যাপারটি কিন্তু মোটেও চাপ মনে হয়নি তাঁর। বরং তাসকিন ও শুভাশিসের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুতা, এক সঙ্গে খেলার অভিজ্ঞতাই অনেকটাই সাহসী করে তুলেছে বলে জানালেন, ‘আমি নার্ভাস ছিলাম না। আজ আমরা নতুন খেলছি জাতীয় দলে। কিন্তু আমি, তাসকিন ও শুভাশিস কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেট কিংবা ঢাকা প্রিমিয়ার লিগে একসঙ্গে খেলি অনেক দিন ধরেই। তাসকিন তো বেশ কিছু দিন হলো আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। শুভাশিস দারুণ পারফর্ম করেই দলে সুযোগ পেয়েছে। আমার কাছে তো মনে হয়েছে ওরা আমার চেয়ে বেশি অভিজ্ঞ। তবে আমি এত কিছু নিয়ে ভাবিনি। আমার মাথায় ছিল, যখন বল করতে আসব, সবকিছু যেন পরিকল্পনা মতো হয়, সেটিই।’